কাশিমপুর কারাগারে তৎকালীন ফারমার্স ব্যাংকের কর্মকর্তার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী দণ্ডপ্রাপ্ত আসামি ও তৎকালীন ফারমার্স ব্যাংকের কর্মকর্তা গাজী সালাউদ্দিন (৫২) মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কারাগার-২-এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

সালাউদ্দিন ২০১৯ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় তিন বছরের দণ্ডপ্রাপ্ত আসামি। ২০২১ সাল থেকে তিনি এই কারাগারে ছিলেন। সালাউদ্দিন রাজধানীর মোহাম্মদপুরের শেরশাহসুরি রোডের বাসিন্দা। তিনি ফারমার্স ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

কারাগার-২ সূত্রে জানা যায়, গতকাল রাতে সালাউদ্দিন খাওয়াদাওয়া শেষে ঘুমাতে যান। রাত ১২টার দিকে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। এ সময় কারা কর্তৃপক্ষ তাঁকে কারা হাসপাতালে নিয়ে যায়। তবে অবস্থার অবনতি হলে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৪০ মিনিটে তিনি মারা যান।

সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সালাউদ্দিনের আগে থেকেই উচ্চ রক্তচাপ ছিল। এ ছাড়া ডায়বেটিসের সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে অবস্থার অবনতি হলে শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।