বরগুনায় আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা
বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য শফিকুল ইসলাম ওরফে পনুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত ইউপি নির্বাচনে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাকুরগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে শফিকুল ইসলাম মারা যান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল রাত সাড়ে ৮টার দিকে বরগুনা শহর থেকে একটি মাইক্রোবাসে করে পাকুরগাছিয়া এলাকায় দেশীয় অস্ত্রসহ ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত আসেন। বর্তমান ইউপি সদস্য মোতাহার মৃধার উপস্থিতিতে তাঁরা আয়লা পাতাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম ওরফে পনুকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় শফিকুলের সঙ্গে থাকা লোকজন তাঁকে রক্ষা করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন বলেন, গত ইউপি নির্বাচনের সময়কার বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে ইউপি সদস্য মোতাহার মৃধার বক্তব্য পাওয়া যায়নি।
আয়লা পাতাকাটা ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। গতকাল রাতের ঘটনা এরই ধারাবাহিকতায় ঘটেছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, ‘ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আমি হাসপাতালে যাই। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন চিকিৎসকেরা। সেখানে নেওয়ার পথে মারা যান শফিকুল। আয়লা পাতাকাটা ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তরা যেন পালিয়ে যেতে না পারেন, সে জন্য পুলিশ অভিযান শুরু করেছে।’