হবিগঞ্জে গভীর রাতে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে খেলোয়াড় নিহত
হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাকিব মিয়া (২০) নামের এক খেলোয়াড় নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার–পাঁচজন।
গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বক্তারপুর হাইস্কুল মাঠে এ সংষর্ঘ হয়। পরে হাসপাতালে রাকিব মিয়ার মৃত্যু হয়। তিনি উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বক্তারপুর হাইস্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলা চলে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত। গতকাল রাতে বেতকান্দি ও বক্তারপুর গ্রামের মধ্যে খেলা হয়। খেলা চলাকালে দুই খেলোয়াড়ের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাকিব মিয়া গুরুতর আহত হন।
আহত রাকিব মিয়াকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক আজ দুপুরে প্রথম আলোকে বলেন, দুই দলের তরুণদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ২৫০ শয্যাবিশিষ্ট হবিগঞ্জ জেলা হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।