বাড়ির পাশে খেলতে খেলতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

নওগাঁ পৌরসভার দুর্গাপুর চকপিয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো আবদুল্লাহ (৫) ও খাদিজা (৪)। আবদুল্লাহ দুর্গাপুর চকপিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে। খাদিজা একই গ্রামের নাহিদুজ্জামান মোর্শেদের মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে খাদিজা ও প্রতিবেশী শিশু আবদুল্লাহ বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে গ্রামের একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যা ছয়টার দিকে পুকুরে প্রথমে খাদিজার লাশ ভেসে থাকতে দেখতে পান স্থানীয় লোকজন। পরে পানিতে খোঁজাখুঁজির পর আবদুল্লাহর লাশ পাওয়া যায়। উদ্ধারের পর তাদের নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা ইয়াসমিন বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিশু দুটিকে আনা হয়। পরীক্ষায় তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।

নওগাঁ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে সন্দেহজনক তথ্য পাওয়া গেলে অথবা পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে এ ঘটনায় নিয়মিত মামলা হবে।