শেখ হাসিনার জন্মবার্ষিকী উদ্যাপনের সময় কেকসহ ৮ নেতা-কর্মী গ্রেপ্তার
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন উদ্যাপনের সময় চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সদস্য। এ সময় পুলিশ শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আনা দুটি কেকও জব্দ করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মী-সমর্থক, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চারজন এবং যুবলীগের দুজন কর্মী রয়েছেন। গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীরা হলেন শেখেরখীল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি আহম্মদ হোসেন (৫৫), বৈলছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী জাকের আহাম্মদ (৬০), গন্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের যুবলীগের কর্মী জাফর আহাম্মদ (৩২), শীলকূপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের যুবলীগের কর্মী জমির উদ্দিন (২৮), গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কর্মী রিয়াজ উদ্দিন (২১), সৈয়দ নুর হৃদয় (২৩), এস এম মোজাম্মেল হক (২২) এবং চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আজাদ মিয়া (১৮)।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে মামলার পর আজ সোমবার তাঁদের আদালতে প্রেরণ করা হয়।