খুলনায় হাসপাতাল–ক্লিনিকে হামলা, সাত দিনের আলটিমেটাম দিলেন চিকিৎসক–নার্সরা

খুলনা মহানগরের বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ওপর হামলা ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেন। মঙ্গলবার খুলনা শহরের সাতরাস্তা মোড়েছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবা–সংশ্লিষ্ট কর্মকর্তা–কর্মচারীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের সাত রাস্তা মোড়ে জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এ ছাড়া চাঁদাবাজির ভয়ে রূপসায় ওষুধের ১০ থেকে ১১টি দোকান বন্ধ করে রেখেছেন ব্যবসায়ীরা।

মানববন্ধন থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ–প্রশাসনকে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন

মানববন্ধনে বক্তারা খুলনা মহানগরের বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা তুলে ধরেন। তাঁরা বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। এতে স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। চাঁদা না পেলে সন্ত্রাসীরা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়ে সেগুলো বন্ধ করে দিচ্ছে। শুধু ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার নয়, নগরের বিভিন্ন এলাকায় এ ধরনের ঘটনা ঘটছে।
বক্তারা অভিযোগ করেন, এসব ঘটনায় পুলিশকে ফোন করেও তাৎক্ষণিক সহায়তা পাওয়া যাচ্ছে না। প্রায় সব ক্ষেত্রে ঘটনার দুই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। এ পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়েও তাঁরা প্রশ্ন তোলেন।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তাঁরা।

মানববন্ধনে খুলনা মেডিকেল কলেজের ড্যাবের সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোস্তফা কামাল, সহকারী পরিচালক কাজী আহসান হাবীব, চিকিৎসক মেহেদী হাসানসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নার্স, কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চাঁদাবাজির আতঙ্ক

খুলনায় একের পর এক হত্যাকাণ্ড ও গোলাগুলির ঘটনার মধ্যে নতুন করে চাঁদার দাবিতে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে। গত এক মাসে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। হুমকির মুখে বন্ধ করে দেওয়া হয়েছে খুলনার অতি পরিচিত চয়নিকা ও মল্লিক ব্রাদার্সসহ অন্তত ১০টি ফার্মেসি। এসব ঘটনায় একাধিক সন্ত্রাসী গোষ্ঠীর নাম এসেছে।

সাম্প্রতিক সময়ে সন্ধানী ক্লিনিকে চাঁদাবাজির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর নেতৃত্বাধীন ‘বি কোম্পানি’–এর নাম এসেছে। অন্য ঘটনাগুলোয় আরেক শীর্ষ সন্ত্রাসী নূর আজিমের নাম এসেছে। নূর আজিম গত সেপ্টেম্বরের শেষ দিকে জামিনে মুক্ত হয়েছেন।

ভুক্তভোগী ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত অক্টোবরে নগরের রয়েল মোড়ের সিটি কুইন্স ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। ২৪ অক্টোবর নগরের সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক কমপ্লেক্সে দেশি অস্ত্র নিয়ে হামলা চালায় ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী দল। ভাঙচুর শেষে তারা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরদিন ২৫ অক্টোবর সন্ধানীর সোনাডাঙ্গা শাখায় সশস্ত্র মহড়া দেয় সাত থেকে আটজন। তারা প্রতিষ্ঠানের ম্যানেজারকে খুঁজতে থাকে।
এরপর ৩ নভেম্বর নগরের শামসুর রহমান রোডের রংধনু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর করা হয়। গত শনিবার পিটিআই মোড়ের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারেও ভাঙচুরের ঘটনা ঘটে।

খুলনা মহানগরের বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ওপর হামলা ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে চিকিৎসক, নার্স কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
ছবি: প্রথম আলো

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, খুলনায় মাদক কারবার, চাঁদাবাজি ও এলাকা দখল নিয়ে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে। সন্ত্রাসী গোষ্ঠী নূর আজিম গ্রুপের নেতা নূর আজিম সেপ্টেম্বরের শেষ দিকে জামিনে মুক্তি পেয়েছেন। আত্মগোপনে থাকলেও নূর আজিম জামিনে মুক্তি পাওয়ার পর বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তিনি সন্ত্রাসী গোষ্ঠী বি কোম্পানির একক আধিপত্যে ভাগ বসিয়ে হারানো নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইছেন। নিজের শক্তি জানান দিতে তিনি আবারও অতি সক্রিয় হয়ে উঠেছেন।

বন্ধ ওষুধের ১০–১১টি দোকান

চাঁদা দাবির ঘটনায় গত সোমবার থেকে নগরের রূপসা স্ট্যান্ড রোডের মল্লিক ব্রাদার্স ফার্মেসি বন্ধ রয়েছে। একই এলাকার রূপসা ডেন্টাল কেয়ার, সি এইচ ফার্মা, আমেনা ফার্মেসিসহ আরও সাত থেকে আটটি ওষুধের দোকান বন্ধ করে দিয়েছেন মালিকেরা।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকায় গিয়ে ফার্মেসিগুলো বন্ধ দেখা যায়। এ ব্যাপারে জানতে মল্লিক ব্রাদার্সের স্বত্বাধিকারী বশির হাসানের মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার একটি ফার্মেসির স্বত্বাধিকারী প্রথম আলোকে বলেন, ‘আমরা সবাই আতঙ্কে আছি। মল্লিক ব্রাদার্সে বড় অঙ্কের চাঁদা চেয়ে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। আমাদের এখানেও যে এমন ঘটনা ঘটবে না, তার নিশ্চয়তা কী? প্রশাসন নিরাপত্তার ব্যবস্থা না করলে দোকান খোলার সাহস পাচ্ছি না। রূপসা এলাকায় ১০–১১টি ওষুধের দোকান বন্ধ। গতকাল ওসি সাহেব এসেছিলেন। আজ সকালে পুলিশও ছিল। কিন্তু আমরা এখনো সাহস পাচ্ছি না।’

পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, সন্ত্রাসীদের ভয়ে কোনো প্রতিষ্ঠান বন্ধ রাখলে তারা আরও উৎসাহিত হবে। তবে রূপসার ফার্মেসিগুলো আজও বন্ধ রয়েছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা–ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। এরই মধ্যে নূর আজিম গ্রুপের ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, ডায়াগনস্টিক সেন্টারগুলোয় হামলার ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে কেউ অভিযোগ করেননি। তবে সন্ধানী ক্লিনিকের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।