সীমানাপ্রাচীরের নির্মাণসামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে

গাজীপুর সাফারি পার্কফাইল ছবি/প্রথম আলো

গাজীপুরের শ্রীপুরে গাজীপুর সাফারি পার্কের সীমানাপ্রাচীর নির্মাণকাজকে কেন্দ্র করে দুই রাজনৈতিক নেতার মধ্যে বিরোধের জের ধরে চাঁদা দাবি ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ২৮ ফেব্রুয়ারি শ্রীপুর থানায় অভিযোগ দেন হাসিবুল হাসান সরকার হাশেম নামের এক ব্যক্তি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শ্রীপুর উপজেলার সদস্যসচিব। তবে বিষয়টি জানাজানি হয় বুধবার।

অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ প্রসঙ্গে শ্রীপুর থানার উপপরিদর্শক অমিতাভ চৌধুরী জানান, একটি বাড়ির পাশে ইটের খোয়া পড়ে থাকতে দেখা গেছে এবং দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অভিযোগ সূত্রে জানা যায়, খুলনা অঞ্চলের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স সরকার এন্টারপ্রাইজ’ গাজীপুর সাফারি পার্কে প্রায় ৬৫০ মিটার সীমানাপ্রাচীর নির্মাণকাজ করছে। ওই প্রতিষ্ঠানে নির্মাণসামগ্রী সরবরাহের দায়িত্বে রয়েছেন হাসিবুল হাসান সরকার। তিনি দীর্ঘদিন ধরে এই কাজে ইট, বালি ও রড সরবরাহ করে আসছিলেন।

হাসিবুল হাসানের দাবি, সম্প্রতি শ্রীপুর উপজেলা কৃষক দলের সদস্যসচিব হুমায়ুন কবির একই কাজে নির্মাণসামগ্রী সরবরাহের আগ্রহ প্রকাশ করেন। এতে তিনি (হাসিবুল হাসান সরকার) রাজি না হওয়ায় তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি পূরণ না করায় কয়েক দিন আগে ইটের খোয়া ও চার টন রডবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে নিয়ে গেছেন হুমায়ুন কবিরের লোকজন।

এ বিষয়ে কৃষক দল নেতা হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, অভিযোগের বিষয়টি তিনি শুনেছেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘একটি পক্ষ সাময়িকভাবে কাজ বন্ধ করে দিয়েছিল। ট্রাক থেকে মালামাল নেওয়ার বিষয়টি শুনেছি, তবে কারা জড়িত তা নিশ্চিত নই।’