সরাইল ও আশুগঞ্জকে পৌরসভায় উন্নীত করা হবে: রুমিন ফরহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা ঘোষণা দিয়েছেন, সরাইল ও আশুগঞ্জ উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করা হবে। এর মধ্যে আশুগঞ্জকে দ্রুত আর সরাইলকে এক থেকে দুই বছরের মধ্যে পৌরসভায় উন্নীত করা হবে। এর জন্য যা করণীয়, তার সবকিছু করা হয়েছে বলে তিনি জানান।
আজ শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘আমার একটাই লক্ষ্য, মানুষ যে ভালোবাসা ও বিশ্বাস রেখে আমাকে ভোট দিয়েছেন, যত দূর সম্ভব আগামী পাঁচ বছর সেবা দিয়ে আমি যেন মানুষের বিশ্বাসের মর্যাদা দিতে পারি।’
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, ‘আমি জানি, একজন স্বতন্ত্র সংসদ সদস্যের সঙ্গে কাজ করায় প্রতিকূলতা থাকে। আমার সঙ্গে আপনাদের কাজ করাও কিছুটা প্রতিকূল। আমি যত দূর সম্ভব সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করব। আমাদের রাজনীতির যে সংস্কৃতি, তাতে সরকারি দলের একটা চাপ থাকে। দলের নেতারা মনে করেন, তাঁরা যাঁর যাঁর এলাকার প্রাইম মিনিস্টার। ইউনিয়নের একজন কর্মীও মনে করেন, তাঁর দল এখন ক্ষমতায়, তিনি তাঁর এলাকার প্রাইম মিনিস্টার। এই চাপটা প্রশাসনের ওপর সব সময় থাকে। এটা আমি খুব ভালোভাবেই বুঝি। তবে আমি আমার তরফ থেকে চেষ্টা করব, আপনাদের কাজটা যতটা সম্ভব সহজ করা যায়।’
এলাকাবাসীর উদ্দেশে রুমিন ফারহানা বলেন, ‘সবাইকে বলব, সরাইলটা কিন্তু আমাদের সবার। আমার কাজে যদি কেউ বাধা সৃষ্টি করতে চান বা কোনো মহল যদি মনে করে এমপিকে কাজ করতে দিবে না, তাহলে আপনার এলাকা, যেখানে আপনি সন্তান নিয়ে বসবাস করেন, পাঁচ বছরের জন্য কিন্তু সরাইল পিছিয়ে যাবে। আমি শুধু সরকারি কর্মকর্তাদের কাছে বলছি না, আমি সরাইলবাসীর কাছেও বলছি। সবাই মিলে যদি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারি এবং সবাই মিলে যদি কাজ করতে পারি, আমি বিশ্বাস করি, এই উপজেলাকে আশপাশের উপজেলার চেয়ে আরও উন্নত করা, আরও সমৃদ্ধ উপজেলা করে মডেল উপজেলা করা, যেটা আমার নির্বাচনী অঙ্গীকার—সেটা খুব বেশি কঠিন হবে না।’
সভায় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।