ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদককে পিটিয়ে জখম
ফেনীর পরশুরামে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলমকে (৩৬) পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তিনি ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার বাসিন্দা।
আজ রোববার দুপুরে পরশুরাম বাজারের হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের নেতা–কর্মীদের দায়ী করেছে পরশুরাম উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতারা।
পরশুরাম পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ বলেন, মোর্শেদ আলম তাঁর মেয়ের জামাতা। আজ বেলা একটার দিকে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে হাসপাতাল মোড়ে অটোরিকশাস্ট্যান্ডে পৌঁছালে ছাত্রলীগের নেতা–কর্মীরা তাঁকে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে তাঁকে ফেনীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পরশুরাম উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী বলেন, হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িত নয়। এটা বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জেরে ঘটে থাকতে পারে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ছাত্রদল নেতার ওপর হামলার কোনো খবর তিনি পাননি।