ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় পেঁয়াজবাহী ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরিতে উঠতে গিয়ে গতকাল রাতে ট্রাকটি নদীতে তলিয়ে যায়। মঙ্গলবার বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ এসে ট্রাকটি উদ্ধার করে
ছবি: প্রথম আলো

ফরিদপুর থেকে জামালপুরগামী পেঁয়াজবাহী একটি ট্রাক গতকাল সোমবার দিবাগত রাতে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে যায়। প্রায় ১৫ ঘণ্টা পর আজ মঙ্গলবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ট্রাকটি উদ্ধার করে।

দৌলতদিয়া নৌ পুলিশ ও ঘাটসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গতকাল রাত ১০টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে আসে পেঁয়াজবাহী ওই ট্রাক। ট্রাকটি একটি ছোট ফেরিতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি পদ্মা নদীতে পড়ে যায়। এ সময় চালকের সহকারী পন্টুনেই ছিলেন। চালক গাড়িতে থাকলেও কিছুক্ষণ পর তিনি উঠে আসতে সক্ষম হন। তাঁকে উদ্ধার করে রাতেই গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পেঁয়াজবাহী ট্রাকটি উদ্ধারের জন্য বিআইডব্লিউটিএর সহযোগিতা চাইলে আজ বেলা ১১টার দিকে আরিচা থেকে উদ্ধারকারী জাহাজ হামজা এসে প্রায় পৌঁনে তিন ঘণ্টা চেষ্টার পর বেলা সোয়া একটার দিকে ট্রাকটি ওপরে তুলে। দীর্ঘ সময় পানিতে তলিয়ে থাকায় অধিকাংশ পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। এ ছাড়া গাড়ির মূল্যবান যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্রাকচালকের সহকারী পল্লব দাস বলেন, সোমবার রাত আটটার দিকে ফরিদপুরের সালথার বালিয়াবাজার থেকে পেঁয়াজ নিয়ে জামালপুরের উদ্দেশে রওনা করেন তাঁরা। রাত ১০টার দিকে তাঁরা দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে পৌঁছালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফেরিতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি নদীতে পড়ে যায়। অনেক কষ্টে পানির নিচ থেকে চালক উঠে আসেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ঘাটে বহু মানুষ দৃশ্যটি দেখছিলেন। অথচ কীভাবে গাড়ি বা চালককে উদ্ধার করা যায়, সেদিকে কারও খেয়াল ছিল না।

পেঁয়াজের মালিক সালথার ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ২০ হাজার টাকা ভাড়ায় ট্রাকটিতে ৩ লাখ ৬৫ হাজার টাকার ১২ টন পেঁয়াজ জামালপুর বাজারে পাঠান। ওই পেঁয়াজের সঙ্গে কয়েক বস্তা রসুনও ছিল। পানিতে তলিয়ে যাওয়ায় পেঁয়াজগুলো আর ভালো নেই বলে তিনি মনে করছেন।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সিরাজুল কবির বলেন, রাত সাড়ে ১০টার দিকে পণ্যবাহী ট্রাকটি নদীতে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি বিআইডব্লিউটিএসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। আজ সকালে বিআইডব্লিউটিএ উদ্ধারকাজ শুরু করলে প্রায় ১৫ ঘণ্টা পর ট্রাকটি নদী থেকে উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের যুগ্ম পরিচালক ও উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার এস এম আজগর আলী। তিনি বলেন, ‘খবর পেয়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়ায় পৌঁছে উদ্ধারকাজ শুরু করি। পৌনে তিন ঘণ্টা পর বেলা ১টা ১০ মিনিটে ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়।’