২১ মাস পর জানা গেল, শেফালীর ভিজিডির চাল উত্তোলন করছেন অন্য কেউ
পরিবারের দুরবস্থার কারণে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের কাছে দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির (ভিজিডি) কার্ড চেয়েছিলেন শেফালী বেগম (৪০)। এ জন্য ছবিসহ জাতীয় পরিচয়পত্রের অনুলিপিও দিয়েছিলেন তিনি। কিন্তু কার্ড পাননি শেফালী। ২১ মাস পর গতকাল বৃহস্পতিবার ১০ টাকা কেজি চালের একটি কার্ডের জন্য আবেদন করতে পরিষদে গিয়ে তিনি জানতে পারেন, তাঁর নামে ইতিমধ্যেই ভিজিডির একটি কার্ড বরাদ্দ আছে। সেই কার্ডের বিপরীতে গত ২১ মাসে ৬৩০ কেজি চাল (মাসে ৩০ কেজি) উত্তোলন করা হয়েছে।
শেফালী নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের যোগেন্দ্রনগর গ্রামের বাসিন্দা। এমন ঘটনায় ক্ষুব্ধ শেফালী প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মহিলাবিষয়ক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
শেফালী বেগমের স্বামী সাহেব আলী প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল হোসেন তাঁর স্ত্রীর নামে বরাদ্দ করা চাল তুলে আত্মসাৎ করেছেন। অথচ এই চাল না পেয়ে অনেক কষ্টে তাঁদের দিন কেটেছে। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।
চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য বেলাল হোসেন। তিনি বলেন, ভিজিডি কার্ড চেয়ারম্যান বরাদ্দ দেন। শেফালী বেগমের কাগজপত্র ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের কাছে জমা দিয়েছিলেন তিনি। বরাদ্দের চাল কে তুলেছেন, সেটা চেয়ারম্যানই ভালো বলতে পারবেন।
তবে সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন আজ শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ইউপি সদস্যরাই তালিকাসহ প্রয়োজনীয় কাগজপত্র তাঁর কাছে জমা দিতেন। শেফালী বেগমের চাল উত্তোলনের বিষয়টি বেলাল হোসেন ভালো বলতে পারবেন।
শেফালী বেগমের নামে ভিজিডি কার্ড বরাদ্দের তথ্য নিশ্চিত করে বিয়াঘাট ইউপির সাবেক সচিব জালাল উদ্দিন বলেন, বরাদ্দের চাল কে উত্তোলন করছেন, সেটা জানা নেই তাঁর।
বিয়াঘাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, শেফালী বেগমের নামে বরাদ্দের চাল উত্তোলনের ঘটনা জানার পর বিষয়টি খতিয়ে দেখছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায় বলেন, অভিযোগটি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত কার্ডধারীকে তাঁর প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে।