আকস্মিক বজ্রপাতে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে তিন জেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বজ্রপাত
প্রতীকী ছবি

বরিশালের হিজলায় আকস্মিক বজ্রপাতে আতঙ্কে তিন জেলে নৌকা থেকে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। ওই নৌকার অপর দুই জেলেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হিজলা গৌরাব্দি ইউনিয়ন লাগোয়া মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। ওই জেলেরা নদীতে মাছ ধরতে নেমেছিলেন।

নিখোঁজ তিন জেলে হলেন আমীর রাঢ়ী (৩৫), ফরহাদ সরদার (১৮) ও মোক্তার হোসেন (২৫)। অসুস্থ অবস্থায় উদ্ধার দুজন হলেন রবিউল সরদার (১৮) ও ওসমান সরদার (২৫)। তাঁদের সবার বাড়ি হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

প্রত্যক্ষদর্শী জেলে আবদুল মান্নান (৪২) বলেন, আজ সকাল সাড়ে আটটার দিকে স্থানীয় আজাদ সরকারের মাছঘাট থেকে নৌকা নিয়ে মেঘনা নদীতে মাছ ধরছিলেন কয়েক জেলে। এ সময় আকস্মিক বজ্রপাত হলে জেলে রবিউল সরদার ও ওসমান সরদার অজ্ঞান হয়ে পড়েন। নৌকায় থাকা অপর তিন জেলে মোক্তার, আমির ও ফরহাদ আতঙ্কে নদীতে ঝাঁপ দেন। এর পর থেকে ওই তিনজনের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। নদীতে থাকা অন্য জেলেরা ও নদীর তীরে থাকা লোকজন তাৎক্ষণিক গিয়ে নৌকায় থাকা অসুস্থ দুই জেলেকে উদ্ধার করে কিনারে এনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

হিজলা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ চন্দ্র দে বলেন, তবে নদীতে ঝাঁপ দেওয়া তিনজনের সন্ধান মেলেনি। হিজলা নৌ পুলিশ ইউনিটের টহল দল ঘটনাস্থলে স্থানীয় লোকজনের সহায়তায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে। বিষয়টি হিজলা থানাকে জানানো হয়েছে।