ইফতার সেরে বাসা থেকে বের হন যুবক, পরদিন বাঁধে মিলল ক্ষতবিক্ষত লাশ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিপন মিয়া (২৫) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের চক সালন এলাকায় মনু নদের প্রতিরক্ষা বাঁধের ঢালের ঝোপ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
রিপন মিয়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী আলীনগর গ্রামের বাসিন্দা হানু মিয়ার ছেলে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, গত সোমবার বাড়িতে ইফতার করার পর রিপন স্থানীয় দিঘিরপাড় বাজারে যান। রাত সাড়ে ১১টার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
গতকাল সন্ধ্যায় স্থানীয় লোকজন চক সালন এলাকায় প্রতিরক্ষা বাঁধের ঢালের ঝোপে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাত ৯টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আজমল হোসেন ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে স্বজনেরা সেখানে গিয়ে লাশটি রিপনের বলে শনাক্ত করেন। এরপর পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ওসি মনিরুজ্জামান মোল্যা বলেন, সুরতহাল প্রতিবেদনে রিপনের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজারের ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।