মামলা বিচারে গিয়ে গতিহীন 

  • ১ হাজার ৭৭৫ জনের নাম উল্লেখ করে সাত হাজারের বেশি অজ্ঞাতনামা আসামি করা হয়।

  • গণসমাবেশের আগে ১২টি থানায় বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে ১২টি মামলা হয়েছে। 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া জেলার মানচিত্র

বগুড়ার শাজাহানপুর উপজেলার মালিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান (৬২)। ২০১৮ সালের সেপ্টেম্বরে হজ করতে তিনি সৌদি আরবে গিয়েছিলেন। হজে থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে ‘গায়েবি মামলা’ দেয় পুলিশ। দেশে ফেরার পর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফেরেন এই বীর মুক্তিযোদ্ধা। এক বছর হয়রানির পর অভিযোগপত্র থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়।

একই ঘটনা ঘটে শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামের বাসিন্দা খায়রুল বাশারের সঙ্গে। তাঁকেও ‘গায়েবি মামলায়’ জড়ানো হয়। অথচ মামলার সময় তিনি সস্ত্রীক সৌদি আরবে ছিলেন। বছরখানেক নাশকতার মামলা মাথায় নিয়ে হয়রানির পর তাঁকেও অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

২০১৮ সালে হজ করার জন্য মক্কায় ছিলাম। তখন শাজাহানপুর থানার একটি গায়েবি মামলায় আমাকে আসামি করা হয়। দেশে ফিরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে বাড়িতে আসি।
মোখলেছুর রহমান, হয়রানির শিকার বীর মুক্তিযোদ্ধা 

মোখলেছুর-বাশারের মতো ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে বগুড়ায় ৩৯টি নাশকতার মামলা হয়। বিএনপির দাবি, মিথ্যা ও সাজানো ঘটনার মাধ্যমে নেতা-কর্মীদের হয়রানি করতে পুলিশ ও সরকারি দলের লোকজন এসব ‘গায়েবি’ মামলা করেন। 

মামলায় ১ হাজার ৭৭৫ জনের নাম উল্লেখ করার পাশাপাশি সাত হাজারের বেশি অজ্ঞাতনামা আসামি করা হয়। কিন্তু তদন্ত শেষে ১ হাজার ৮৫৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। তবে একটিও মামলার বিচার শেষ হয়নি। এর মধ্যে সাক্ষীর জন্য ১২টি, অভিযোগপত্র গ্রহণ শুনানির জন্য ৭টি, অভিযোগ গঠন শুনানির জন্য ১৫টি মামলার বিচারকাজ ঝুলে আছে। এ ছাড়া মুলতবি অবস্থায় আছে ৫টি মামলা।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে মামলা হয়েছে ৩৯টি। তবে একটি মামলারও বিচার শেষ হয়নি। 

হয়রানির শিকার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান বলেন, ‘২০১৮ সালে হজ করার জন্য মক্কায় ছিলাম। তখন শাজাহানপুর থানার একটি গায়েবি মামলায় আমাকে আসামি করা হয়। দেশে ফিরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে বাড়িতে আসি। হজের কাগজপত্র পুলিশের কাছে দাখিল করার পর অভিযোগ থেকে অব্যাহতি দেয়।’

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী প্রথম আলোকে বলেন, সুনির্দিষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে করা মামলায় শুধু সাক্ষ্য-প্রমাণের অভাবে অপরাধীরা পার পেয়ে যাচ্ছেন, যা খুবই দুঃখজনক। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ মামলার সাক্ষী হাজির করতে পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আর নতুন করে দায়ের করা মামলার সঠিক তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন করে ১২ মামলা

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে বগুড়ার ১২টি থানায় বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে নতুন করে ১২টি মামলা হয়েছে। পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব মামলার বাদী। মামলায় বিএনপির ৫২২ নেতা-কর্মীর নাম উল্লেখসহ ৭ শতাধিক অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বলেন, ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিএনপির হাজার হাজার নেতা-কর্মীকে হয়রানির উদ্দেশে ‘সাজানো মামলা’ দেওয়া হয়েছে। প্রতিটি মামলায় যেসব ঘটনা, ঘটনাস্থল ও অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে সব ‘গায়েবি’ ঘটনা। 

মামলা হয়, অপরাধ প্রমাণ হয় না

বগুড়ার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন শাহিন আলম। রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। ২০১৫ সালে শাজাহানপুর উপজেলার একটি নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। কারাগারে থাকেন এক মাস। জামিন নিয়ে বের হলেও নাশকতার মামলায় আসামি হওয়ায় তাঁর চাকরিটি খোয়াতে হয়। বছরখানেক আগে ওই মামলা থেকে খালাস পেয়েছেন তিনি।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে ও পরে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত সরকারবিরোধী আন্দোলনে বগুড়ায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীর বিরুদ্ধে ২৪৬টি নাশকতার মামলা হয়। ২০১৫ সালে বগুড়া-ঢাকা মহাসড়কের আড়িয়াবাজারে গাড়িতে পেট্রলবোমা হামলা মামলায় ১ নম্বর আসামি করা হয় শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশারকে। 

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুল মতিন প্রথম আলোকে বলেন, নাশকতার মামলায় সাক্ষী হাজির করা চ্যালেঞ্জ। সাক্ষীর অভাবে কিছু মামলায় আসামিরা খালাস পেয়েছেন। কিছু মামলা এখনো সাক্ষ্যগ্রহণের জন্য আছে। সাক্ষী হাজির জটিলতা ছাড়াও বিচারক সংকটের কারণেও বিচারকাজ বিলম্বিত হচ্ছে।