সেচঘরে বাবাকে ছটফট করতে দেখে এগিয়ে যায় শিশুটি, বিদ্যুৎস্পৃষ্টে দুজনেরই মৃত্যু
গোপালগঞ্জে ধানের জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বড়ফা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ওই দুজন হলেন উপজেলার চর বড়ফা গ্রামের এনায়েত খাঁ (৪০) ও তাঁর ছেলে মেহেদী হাসান খাঁ (১২)। মেহেদী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ দুপুরে তার বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার কথা ছিল।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে এনায়েত খাঁ নিজের ধানের জমিতে সেচ দিতে যান। সেচঘরে কাজ করার একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে ছটফট করতে দেখে উদ্ধারে এগিয়ে যায় মেহেদী। এ সময় সে–ও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা দুজনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে আজ দুপুরের দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম বাবা–ছেলেকে মৃত ঘোষণা করেন।
আমার ভাতিজা মেহেদী হাসানের আজ বাংলা পরীক্ষা ছিল। বাবার সঙ্গে কাজে গিয়ে সে–ও মারা গেল।নিহত এনায়েত খাঁর ভাই নূর ইসলাম খাঁ
এনায়েত খাঁর ভাই নূর ইসলাম খাঁ বলেন, ‘আমার ভাতিজা মেহেদী হাসানের আজ বাংলা পরীক্ষা ছিল। বাবার সঙ্গে কাজে গিয়ে সে–ও মারা গেল।’
মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে জানিয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।