কলাপাড়ায় গরু চুরির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তাফিজুর রহমান
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গরু চুরির একটি মামলায় গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রাম থেকে মোস্তাফিজুরকে গ্রেপ্তার করা হয়।

মোস্তাফিজুর রহমান উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ ডিসেম্বর টিয়াখালী ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেন। নির্বাচনের পর রাতের আঁধারে আওয়ামী লীগ প্রার্থীর এক সমর্থকের গরু চুরি হয়। এ ঘটনায় মোস্তাফিজুরসহ আটজনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় মামলা হয়।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হারুন অর রশিদ বলেন, ওই মামলায় শত্রুতাবশত মোস্তাফিজুরকে আসামি করা হয়েছে। মোস্তাফিজুরকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। ওই ঘটনার সঙ্গে মোস্তাফিজুর কোনোভাবেই জড়িত নন।

জানতে চাইলে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম প্রথম আলোকে বলেন, মোস্তাফিজুরের বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।