তীব্র শীতে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা, বারান্দা-করিডরে রোগীর ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্যাপ্ত শয্যা না থাকায় বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। গতকাল দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে
ছবি: প্রথম আলো

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা রয়েছে ৫০০টি। তবে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সেখানে রোগী ভর্তি ছিল ১ হাজার ২২০ জন। শয্যা না থাকায় হাসপাতালে চলাচলের করিডর, বারান্দা, মেঝেসহ যে যেখানে যেভাবে পেরেছেন, সেভাবে থাকার জন্য জায়গা করে নিয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে সাধারণ রোগীর চাপ তুলনামূলক কম। অন্য সময় গড়ে প্রায় দেড় হাজারের মতো রোগী ভর্তি থাকে। তবে সম্প্রতি শীতের তীব্রতা বাড়ার কারণে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে নিউমোনিয়া আক্রান্ত শিশু বেশি।

হাসপাতালের তথ্যানুযায়ী, গত বুধবার সকাল ৭টা পর্যন্ত ১ হাজার ১৯২ জন রোগী ভর্তি ছিল। ওইদিন সকাল ৭টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত রোগী ভর্তি হয়েছে ২৭১ জন। আর বিদায় নিয়েছে ২০৫ রোগী। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৪১ জন শিশু। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১৫ জনের, যার ৬ জনই শিশু। গত বছর ৫ জানুয়ারি ওই হাসপাতালে মোট রোগী ভর্তি ছিল ১ হাজার ১১৬ জন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মো. নিয়াজ মুস্তাফি চৌধুরী বলেন, সাধারণত শীতের সময় অন্য রোগীর চাপ কম থাকে, তবে বাড়ে ঠান্ডাজনিত রোগী। এবারও তার ব্যতিক্রম নেই। এখন যেসব বয়স্ক রোগী ভর্তি হচ্ছেন, তার বেশির ভাগই শ্বাসকষ্টজনিত। অধিকাংশ শিশুদেরও একই সমস্যা, তবে ডায়রিয়া আক্রান্ত শিশু রোগীও রয়েছে।

গতকাল দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখা যায়, শয্যা না থাকায় বারান্দা ও করিডরের মেঝেতে আশ্রয় নিয়েছেন রোগীরা। কোনো কোনো ওয়ার্ডে পা ফেলারও জায়গা নেই। বিশেষ করে শিশু ওয়ার্ডের অবস্থা আরও করুণ। বাতাস যেন না ঢুকতে পারে এ কারণে ওই ওয়ার্ডের বারান্দার ফাঁকা জায়গা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এরই মধ্যে শিশুদের নিয়ে কষ্ট করছেন স্বজনেরা।

ওই ওয়ার্ডের বারান্দায় কথা হয় দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন থেকে আসা জেসমিন বেগমের সঙ্গে। তিনি তাঁর এক মাস ১৯ দিন বয়সের নাতিকে নিয়ে ওই হাসপাতালে এসেছেন। ছোট শিশুটির নাকের মধ্যে অক্সিজেনের নল আর হাতে স্যালাইনের নল। শিশুটি শুধু কাঁদছে, তাকে থামাতে নানান চেষ্টা করে যাচ্ছেন নানি।

জেসমিন বেগম বলেন, হঠাৎ চার দিন আগ থেকে শ্বাসকষ্ট শুরু হয়। তবে তা অতটা মারাত্মক ছিল না। বুধবার দুপুরের দিকে তা জটিল হয়ে উঠলে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা বলছেন নিউমোনিয়া হয়েছে, সেই হিসেবে চিকিৎসা চলছে। আরও কিছু পরীক্ষা করতে দিয়েছেন। সেগুলোর রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে প্রকৃত অবস্থা কী।

ডুমুরিয়া থেকে ১৫ মাসের মেয়েকে নিয়ে এসেছেন শারমিন সুলতানা। তিনি বলেন, কয়েক দিন আগে শ্বাসকষ্ট শুরু হলে মেয়েকে একটি ক্লিনিকে ভর্তি করেছিলেন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার বিকেলে ওই হাসপাতালে ভর্তি করেছেন। এখন অনেকটা ভালোর দিকে।

শিশু ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার চিকিৎসক মো. আবু জাহিদ বলেন, সম্প্রতি তীব্র শীতের কারণে ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে রোটা ভাইরাস–সংক্রান্ত ডায়রিয়া ও ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত রোগী বেশি। এ ধরনের রোগীর বয়স দুই মাস থেকে ছয় মাসের মধ্যে।

শিশুদের এ ধরনের রোগ থেকে রক্ষা করতে সতর্ক থাকা, ঠান্ডা যেন না লাগে, সে জন্য ব্যবস্থা নেওয়া ও বাইরের খাবার না খাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক।