পরনে প্যান্ট-হুডি, ১০ বছরের শিশুর লাশ ভাসছিল নদীতে

চট্টগ্রাম নগরের কর্ণফুলী নদীর বাকলিয়া বেড়িবাঁধ এলাকা থেকে এক শিশুর লাশ উদ্ধার করে নৌ–পুলিশছবি: পুলিশের সৌজন্যে

পরনে প্যান্ট ও লম্বা হাতের হুডি। বয়স আনুমানিক ১০ বছর। নদীতে ভাসছিল এই শিশুর লাশ। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে। তবে পরিচয় জানা যায়নি। আজ বুধবার সন্ধ্যায় নগরের কর্ণফুলী নদীর বাকলিয়া বেড়িবাঁধ এলাকা থেকে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠায়। শিশুটির পরনে ছিল প্যান্ট ও লম্বা হাতার হুডি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে নৌ পুলিশ ও গোয়েন্দা পুলিশ কাজ করছে।

ওসি মিজানুর রহমান আরও বলেন, লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। লাশটি ফুলে যাওয়ায় চেহারা অস্পষ্ট রয়েছে।