টঙ্গীতে রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের কাজ তিন বছরেও শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাণাধীন রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের কাজ। বৃহস্পতিবার বিকেল গাজীপুরের টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায়
ছবি: আল-আমিন

পুরান ঢাকার রাসায়নিকের গুদামগুলো স্থানান্তর করতে গাজীপুরের টঙ্গীর কাঁঠালদিয়া মৌজায় রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছিল ২০২০ সালের ১৬ মার্চ। একই বছরের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে তিন বছরেও প্রকল্পটির কাজ শেষ হয়নি। ফলে রাসায়নিক গুদামগুলো স্থানান্তর নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় সরকারি সংস্থা বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) ৬ একর জমিতে ৫৩টি অস্থায়ী গুদাম, ১ লাখ গ্যালন ধারণক্ষমতাসম্পন্ন ১টি ওভারহেড, ১টি আন্ডারহেড পানির ট্যাংক নির্মাণ, বৈদ্যুতিক সাবস্টেশন ও ট্রান্সফরমার স্থাপন করার কথা। প্রকল্পের ৬০ শতাংশ কাজ হয়েছে। বাকি আছে এখনো ৪০ শতাংশ।

২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই ঢাকা থেকে রাসায়নিক গুদামগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এরপর সে বছর ২৭ ফেব্রুয়ারি রাসায়নিক গুদামগুলো অস্থায়ীভাবে স্থানান্তরের জন্য দুটি জায়গা নির্ধারণের কথা জানানো হয় শিল্প মন্ত্রণালয় থেকে। এর মধ্যে একটি ঢাকার শ্যামপুর ও অন্যটি গাজীপুরের টঙ্গীর কাঁঠালদিয়া মৌজায়। এক বছর পর টঙ্গীতে গুদাম নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

মোট ৫৩টি গুদামের মধ্যে মাত্র ৩১টি গুদামের অবকাঠামোগত কাজ শেষ হয়েছে। তবে এগুলোর কোনোটিই এখনো রাসায়নিক স্থানান্তরের উপযোগী হয়নি।

গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সরেজমিন দেখা যায়, বিএসইসির পুরো ছয় একর জায়গা সীমানাপ্রাচীরে ঘেরা। এখন আর সেখানে কোনো বস্তিঘর বা অবৈধ স্থাপনা নেই। ভেতরে ঢিলেঢালাভাবে চলছে নির্মাণকাজ। কোথাও চলছে গুদামের ছাদ ঢালাই, কোথাও খুঁটির (পিলার) নির্মাণকাজ। গুদামঘরগুলো নির্মাণ করা হচ্ছে সারিবদ্ধভাবে। এর মাঝে কোনো গুদামের কাজ অর্ধেক শেষ হয়েছে, কোনোটিতে চলছে শুরুর কাজ। তবে কোনো গুদামই এখনো রাসায়নিক রাখার মতো উপযোগী হয়নি।

কাজে যুক্ত নির্মাণশ্রমিকেরা জানান, মোট ৫৩টি গুদামের মধ্যে মাত্র ৩১টি গুদামের অবকাঠামোগত কাজ শেষ হয়েছে। তবে এগুলোর কোনোটিই এখনো রাসায়নিক স্থানান্তরের উপযোগী হয়নি। এর বাইরে এক লাখ গ্যালন ধারণক্ষমতাসম্পন্ন ওভারহেড, আন্ডারহেড, পানির ট্যাংক, বৈদ্যুতিক সাবস্টেশন বা অন্যান্য স্থাপনা নির্মাণের কাজই এখনো শুরু হয়নি। তবে এর মধ্যে প্রায়ই কাজ বন্ধ থাকে। ফলে প্রকল্পের কাজ কবে শেষ হবে, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

রাসায়নিক গুদাম নির্মাণের কাজ চলছে। বৃহস্পতিবার বিকেল গাজীপুরের টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায়
ছবি: আল-আমিন

নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক প্রথম আলোকে বলেন, কিছুদিন আগেও কাজ পুরোপুরি বন্ধ ছিল। এক মাস ধরে নতুন করে কাজ শুরু হয়েছে। তা–ও চলে আবার চলে না অবস্থা। ওই শ্রমিকের ভাষ্য, ‘ঠিকমতো কাজ করলে এই প্রকল্প শেষ করতে এক বছরও লাগব না। কিন্তু কাজই তো হয় না। প্রকল্প শেষ হইব ক্যামনে।’

শুরুতে পুরো প্রকল্পের ব্যয় ধরা হয় ৯১ কোটি ৭৪ লাখ ৪৬ হাজার টাকা। এর বাইরে ২০১৯-২০ অর্থবছরে পরিকল্পনা কমিশন থেকে প্রকল্পটির অনুকূলে ১৭ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ নৌ বাহিনীর ঠিকাদার প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডকে। প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বরে।

সার্বিক বিষয়ে জানতে টঙ্গীর কাঁঠালদিয়া কার্যালয়ে গিয়ে সরাসরি কথা হয় প্রকল্পের পরিচালক খন্দকার জহিরুল হক সঙ্গে। তিনি বলেন, এখনো পর্যন্ত পুরো প্রকল্পের কাজের অগ্রগতি ৬০ শতাংশ। বাকি ৪০ শতাংশ কাজ শেষ হতে সময় লাগবে প্রায় আরও এক বছর। অর্থাৎ ২০২৪ সালের মার্চ বা এপ্রিলের দিকে কাজ শেষে গুদামগুলো ব্যবহার উপযোগী হবে।

কাজের ধীরগতি বা কাজ বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে খন্দকার জহিরুল হক বলেন, কাজ মোটামুটি ঠিকঠাক এগোচ্ছিল। এর মধ্যে গত বছর জুনে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর শিল্প মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করে প্রকল্পে নতুন কিছু বিষয় সংযোজন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়। তাই সেসব বিষয়ে সিদ্ধান্ত গঠন এবং সে অনুযায়ী বাজেট বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে কাজে কিছুটা ধীরগতি দেখা দেয়। তবে কাজ বন্ধ থাকেনি।