অসচ্ছলের তালিকায় ইউপি চেয়ারম্যানের সচ্ছল দুই বোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার জেলার মানচিত্র

রেবেকা সুলতানা (৩৬) ও সাবিনা ইয়াসমিন (২৫) দুই বোন। বড় বোনের স্বামী কাতারপ্রবাসী। ছোট বোনের স্বামী কলেজশিক্ষক। দুই পরিবারই আর্থিকভাবে সচ্ছল। এরপরও দুজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচিতে। তাঁদের দুজনের ভাই স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। মূলত চেয়ারম্যান ভাইয়ের প্রভাবে তাঁদের নাম তালিকায় রাখা হয়েছে বলে অভিযোগ। অথচ আর্থিকভাবে অসচ্ছল অনেক পরিবারের নাম তালিকায় নেই।

এই ঘটনা ঘটেছে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে। এই ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ বিদ্রোহী প্রার্থী হিসেবে নৌকার প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়া চেয়ারম্যানের দুই বোন হচ্ছেন রেবেকা সুলতানা (৩৬) ও সাবিনা ইয়াসমিন (২৫)। তাঁদের মধ্যে বড় বোনের স্বামী কাতারপ্রবাসী আর ছোট বোনের স্বামী কলেজশিক্ষক। তাঁরা বর্তমানে শ্বশুরবাড়িতে থাকলেও নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বাপের বাড়ির ঠিকানায়। তাঁদের বাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পুরান পাড়ায়। চেয়ারম্যানের ঠিকানাও একই।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্ত নারীরা দুই বছর মেয়াদে (২০২৩-২৪) বিনা মূল্যে মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। ইউনিয়নের ৩ হাজার ২০০ পরিবারকে তালিকাভুক্ত করা হয়। এই কর্মসূচির আওতায় শুধু খাদ্য সহায়তা নয়, উপকারভোগী প্রত্যেকের নিজস্ব একটি ব্যাংক হিসাবও খুলে দিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে। চাল নেওয়ার সময় এই অ্যাকাউন্টে ২২০ টাকা জমা করবেন উপকারভোগীরা, যা হবে তাঁদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য প্রাথমিক মূলধন গঠন।

এই তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ইউপি সদস্যরাও। তাঁদের একজন শফিউল কাদের বলেন, নারীদের যে তালিকা করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই তালিকায় চেয়ারম্যানের বোন ছাড়াও আরও একাধিক সচ্ছল, শিক্ষক, আর্থিকভাবে স্বাবলম্বী পরিবারের লোকজনের নাম রয়েছে। প্রকৃত অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি।

ভিডব্লিউবি কর্মসূচিতে বোনদের নাম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছেন সাত ইউপি সদস্য। গত ২৬ মার্চ দেওয়া লিখিত অভিযোগে বাহারছড়া ইউনিয়নে ভিডব্লিউবি চাল বিতরণ বন্ধ রাখা, চেয়ারম্যান, মহিলাবিষয়ক কর্মকর্তা ও অফিস সহকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এই কর্মসূচির আওতায় বিভিন্ন উপজেলায় চাল বিতরণ করা হলেও টেকনাফের বাহারছড়ায় এখনো তা করা হয়নি।

লিখিত অভিযোগে সাত ইউপি সদস্য উল্লেখ করেন, নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তালিকা করার বিষয়টি তাঁদের অবহিত করা হয়নি। স্থানীয় চৌকিদার দিয়ে এই তালিকা করা হয়েছে। এ বিষয়ে কথা বলতে গেলে গত ২৬ মার্চ চেয়ারম্যান আমজাদ হোসেন তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সংসদ সদস্যের সুপারিশও গ্রহণ করা হয়নি।

আর্থিকভাবে অসচ্ছল হওয়ার পরেও তালিকায় নাম নেই গৃহিণী আমেনা বেগমের (৩৫)। তাঁর স্বামী আলী হোসেন পেশায় একজন জেলে। স্বামী-স্ত্রীসহ সংসারে আছেন সাত সদস্য। অভাবের কারণে সংসার চালাতে হিমশিম খেতে হয় স্বামী-স্ত্রীকে।
আমেনা খাতুনের একই পরিস্থিতি মনোয়ারা বেগম (৪০) ও শারমিন বেগমের (৩২)। দুজনের স্বামী দিনমজুর। তাঁরা বলেন, অভাবের কারণে সংসার চালাতে কষ্ট হয়। এ জন্য তাঁদের সহযোগিতা প্রয়োজন। সরকার চাল দিয়েছে তাঁদের মতো গরিব মানুষদের দেওয়ার জন্য। কিন্তু তালিকায় তাঁদের নাম নেই। চেয়ারম্যানের বোনদের নাম আছে। ধনী পরিবারের মানুষের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

তালিকায় দুই বোনের নাম থাকার বিষয়টি স্বীকার করেছেন চেয়ারম্যান আমজাদ হোসেন। তবে তিনি দাবি করেন, কে বা কারা তাঁর দুই বোনের নাম তালিকাভুক্ত করেছেন, তা তিনি অবহিত নন। এখন তাঁদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। এ জন্য চাল বিতরণে বিলম্ব হচ্ছে।

দুই বোনের স্বামী প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁদের স্ত্রীদের নাম তালিকায় আছে। কিন্তু কীভাবে অন্তর্ভুক্ত হয়েছে তা তাঁরা জানেন না।

মহিলাবিষয়ক কর্মকর্তা শওকত হোসেন (বর্তমানে বদলি হয়ে টাঙ্গাইলে চাকরিরত) মুঠোফোনে বলেন, এক দিনে তো তালিকা হয়নি। চেয়ারম্যানের অনুমোদন পাওয়ার পর নাম অনলাইনে দেওয়া হয়। তবে চেয়ারম্যানের দুই বোনের ব্যাপারে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

এদিকে তালিকা নিয়ে সমস্যা থাকায় বর্তমানে চাল বিতরণে দেরি হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা বিদ্যুৎ চৌধুরী।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ভিডব্লিউবি কর্মসূচির তালিকাভুক্ত নিয়ে একটি অভিযোগ পেয়েছেন। এই ঘটনা তদন্তের জন্য সহকারী কমিশনার মো. এরফানুল হকের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সুশাসনের জন্য নাগরিক—সুজন টেকনাফের সাধারণ সম্পাদক এবিএম আবুল হোসেন বলেন, তালিকায় সচ্ছল পরিবারগুলোর নাম অন্তর্ভুক্তি করা হলেও যাঁরা প্রাপ্য তাঁদের নাম আসেনি, বিষয়টি খুবই দুঃখজনক। এর মধ্যে চেয়ারম্যানের দুই বোনের নাম এসেছে। কীভাবে তাঁদের নাম এসেছে, তা খতিয়ে দেখে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।