পুকুরপাড়ে খেলছিল দুটি শিশু, পানিতে ডুবে গেল প্রাণ
ফেনী সদর উপজেলায় পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি সম্পর্কে মামা-ভাগনে। তারা হলো উত্তর কাশিমপুর গ্রামের মমিন ফকির বাড়ির মেহেদি হাসানের ছেলে মো. নুহান তুর (৯) ও বেলাল হোসেনের ছেলে মো. ইহাব হোসেন (৮)।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, নুহান ও ইহাব দুজনেই মাদ্রাসাশিক্ষার্থী। একজন ঢাকার একটি হেফজ মাদ্রাসায় পড়াশোনা করে। অন্যজন উত্তর কাশিমপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র। আজ দুপুর ১২টার দিকে তারা দুজন বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে যায়। এরপর দীর্ঘক্ষণ বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশু দুটির লাশ পুকুরে ভাসতে দেখেন। এলাকাবাসী ও লোকজন তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসক দেখেই মৃত ঘোষণা করেন।