বগুড়ায় ৫ দফা দাবি ২৪ ঘণ্টায় পূরণ না হলে পরিবহন ধর্মঘটের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া জেলার মানচিত্র

বগুড়ার দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আবুল কালাম আজাদকে প্রত্যাহারসহ পাঁচ দফা দাবি ২৪ ঘণ্টার মধ্যে পূরণ না হলে পরিবহন ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছে। দাবি আদায়ে আজ বুধবার দুপুরে প্রতিবাদ সমাবেশ ডেকেছে বগুড়ার পরিবহন মালিক-শ্রমিক যৌথ কমিটি। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বগুড়া শহরের চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় যৌথ কমিটির জরুরি সভায় এ ঘোষণা দেওয়া হয়।

জরুরি সভায় উপস্থিত ছিলেন মালিক-শ্রমিক যৌথ কমিটির সভাপতি আকতারুজ্জামান, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক কবির আহমেদ প্রমুখ।

মালিক-শ্রমিক যৌথ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, গত সোমবার সকালে দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় এক অটোভ্যানচালক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাসের মালিক, চালক ও হেলপারকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এর প্রতিবাদে তাঁরা পাঁচ দফা দাবি পূরণে প্রশাসনকে বুধবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। সেই সঙ্গে আজ বুধবার দুপুর ১২টার দিকে শহরের চারমাথা বাস টার্মিনাল এলাকায় প্রতিবাদ সমাবেশ করা হবে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

অন্য দাবিগুলোর মধ্যে আছে বাসের চালক ও মালিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ করা, গাড়ি ভাঙচুরের ক্ষতিপূরণ এবং সড়কের পাশে সব দোকান উচ্ছেদ।

গত সোমবার সকাল ১০টার দিকে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোফাজ্জল হোসেন (৩৮) নামের এক অটোভ্যানচালক নিহত হন।

এ ঘটনার পর বাসচালককে আটক করে পুলিশ। নিহত মোফাজ্জল উপজেলার বেলাইল খামারগাড়ী গ্রামের বাসিন্দা। আটক বাসচালক হলেন কাহালু উপজেলার মুরইল গ্রামের সিরাজুল ইসলাম।

দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মোফাজ্জল যাত্রীর আশায় আলতাফনগর রাস্তার মোড়ে অটোভ্যানে বসে ছিলেন। বগুড়া থেকে আসা নওগাঁ অভিমুখী একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মোফাজ্জল মারা যান। পরে স্থানীয় লোকজন বাসচালককে আটক করে থানায় সোপর্দ করেন। এ ঘটনায় সড়ক নিরাপত্তা আইনে একটি মামলা হয়। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বাসচালককে কারাগারে পাঠানো হয়েছে।