ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেল কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেসের চারটি দরজা

চট্টগ্রামের পটিয়ায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পর্যটন এক্সপ্রেস ট্রেনের একটি বগিছবি: রেলওয়ের সৌজন্যে

রেললাইনের পাশে পার্ক করা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঢাকা থেকে কক্সবাজারগামী আন্তনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনের ৫টি বগির অন্তত ১০টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষের পর মাটিতে খুলে পড়ে গেছে চারটি দরজা। আজ রোববার বেলা ১টা ৫১ মিনিটের দিকে পটিয়া স্টেশন থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে খরনা এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী রেলওয়ের সহকারী স্টেশনমাস্টার জাফর আলম। তিনি বলেন, ‘আজ দুপুরে হঠাৎ কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন দোহাজারী স্টেশনে এসে থামে। এ সময় ট্রেনের চালক ও গার্ডের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, খরনা এলাকায় একটি ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লেগে পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে টেনের ১০টি দরজার ক্ষতি হয়। তার মধ্যে চারটি খুলে মাটিতে পড়ে যায়। কিছু দরজা খুলে বগির সঙ্গে ঝুলে থাকতে দেখেছেন তিনি। পরে ট্রেনটি ২৫ মিনিট পর কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।’

দুর্ঘটনায় পর্যটন এক্সপ্রেসের ১০টি দরজা ক্ষতিগ্রস্ত হয়
ছবি: রেলওয়ের সৌজন্যে

ট্রেনটির দায়িত্বরত গার্ড ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের দিকে যাচ্ছিল। ট্রেনটি খরনা-কাঞ্চননগর স্টেশনের মাঝামাঝি পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় রেললাইনের ডান পাশে একটি ট্রাক পার্কিং করছিল। হঠাৎ ট্রাকের পেছনের অংশের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে ট্রেনের ৫টি বগির ১০-১২টি দরজা ক্ষতিগ্রস্ত হয়। ৪টি দরজা খুলে মাটিতে পড়ে যায়। তবে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। ট্রেনটি দোহাজারী রেলস্টেশনে থামার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখে কারিগরি দল। প্রায় ২৫ মিনিট পর ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।

ট্রেনের ক্ষতিগ্রস্ত একটি দরজা
ছবি: রেলওয়ের সৌজন্যে

দুর্ঘটনা এলাকা ছেড়ে ট্রেনটি চলে যাওয়ার পর পড়ে থাকা দরজার দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন খরনা এলাকার স্থানীয় এক বাসিন্দা। ভিডিওতে দেখা যায়, রেললাইনের পাশে দুটি দরজা পড়ে আছে। আরেকটি দরজা রেললাইনের পাশের একটি ডোবায় পড়ে থাকতে দেখা যায়।

রেললাইনের পাশে মাটিতে পড়ে আছে ট্রেনের দরজা
ছবি: রেলওয়ের সৌজন্যে

এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনিসুর রহমান বলেন, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে জানা যাবে।