সখীপুরে অটোরিকশার চাপায় এক নারী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেড়বাড়ী কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম মনোয়ারা বেগম (৫৫)। তিনি উপজেলার বেড়বাড়ী বটতলা এলাকার ফজলুল হকের স্ত্রী। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনোয়ারা বেগমের স্বামী ফজলুল হক বেড়বাড়ী কলাবাগান বাজারের মুদিদোকানি। আজ সকালে মনোয়ারা বেগম বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে তাঁর স্বামীর দোকানে যাচ্ছিলেন। পথে কলাবাগান বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা মনোয়ারাকে চাপা দেয়।
পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় মনোয়ারা বেগমকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন ও খোঁজখবর নিতে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।