পুলিশের ভয়ে পালাতে গিয়ে গাছ থেকে পড়ে আহত বিএনপি নেতা
রাজশাহীতে বিএনপি নেতাদের বাড়ি বাড়ি পুলিশ হানা দিচ্ছে। মঙ্গলবার রাতে জেলার মোহনপুর থানা বিএনপির এক নেতার বাড়িতে পুলিশ অভিযান চালায়। ওই নেতা ভয়ে দেয়াল টপকে গাছে উঠেছিলেন। গাছ থেকে পড়ে তিনি আহত হয়েছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশ বিএনপির নেতা–কর্মীদের নামে ‘গায়েবি’ মামলা দিয়েছে। সেই সব মামলার আসামিদের ধরার জন্য এখন পুলিশ বাড়ি বাড়ি হানা দিচ্ছে। এমনকি দিনের বেলায় তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ধরা হচ্ছে। পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে ও বুধবার পুঠিয়া, বাগমারা ও তানোর থেকে আরও চার নেতাকে আটক করেছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পুলিশ মোহনপুর থানা বিএনপির সদস্যসচিব বাচ্চু রহমানের বাড়িতে হানা দেয়। সেখানে বাড়ির নারীরা পুলিশের সঙ্গে তর্কবিতর্ক করতে থাকেন। এই ফাঁকে বাচ্চু রহমান দেয়াল টপকে পাশের একটি গাছে ওঠেন। পুলিশ তাঁকে ধরার জন্য ওই দিকে ধাওয়া করলে ভয়ে তিনি গাছ থেকে পড়ে যান। শারীরিক অবস্থা খারাপ দেখে পুলিশ তাঁকে আটক করেনি। তাঁর আত্মীয়স্বজন তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম। তিনি বলেন, মোহনপুর থানায় যে মামলা হয়েছে, সেই মামলায় বাচ্চু রহমানের নাম নেই। তবু তাঁকে ধরতে তাঁর বাড়িতে পুলিশ অভিযান চালায়।
জানতে চাইলে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা বলেন, রাতে পুলিশ একজন পরোয়ানাভুক্ত আসামি ধরতে ওই এলাকায় গিয়েছিল। বাচ্চু রহমান ‘হেল্পফুল লোক’। পুলিশ তাঁকে ডাক দিয়েছিল। পুলিশের ডাক শুনে তিনি বাড়ির সামনে না এসে পেছন দিকের একটি গাছ দিয়ে নামতে গিয়ে পড়ে আহত হয়েছেন। তাঁর হাতের একটি আঙুল ভেঙে গেছে। পুলিশ তাঁকে ধরতে যায়নি। এ জন্য পরে তাঁকে আটকও করা হয়নি।
এদিকে বাগমারা উপজেলা বিএনপির নেতা ও গণিপুর ইউপির চেয়ারম্যান মনিরুজ্জামানকে বুধবার বেলা ১১টার দিকে দেউলিয়া চৌরাস্তা থেকে পুলিশ আটক করেছে।
পুঠিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেনকে আজ বেলা ১১টার দিকে বানেশ্বর বাজার থেকে এবং মঙ্গলবার রাতে ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নাজমুল মুক্তাকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়েছে।
জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম জানান, পুঠিয়ার বানেশ্বর থেকে নগরের তালাইমারী পর্যন্ত পুলিশ চারটি চেকপোস্ট বসিয়েছে। পশ্চিম দিকে নগরের কাশিয়াডাঙ্গা থেকে গোদাগাড়ীর রাজাবাড়ি পর্যন্ত তিনটি ও উত্তর দিকে মোহনপুর থেকে নওহাটা পর্যন্ত তিনটি চেকপোস্ট বসানো হয়েছে। তিনি বলেন, পুলিশ কেন সমাবেশের অনুমতি দেওয়ার পরও তাঁদের হয়রানি করবে? কেন হয়রানিমূলক মামলায় আটক করবে?