আত্মহত্যার প্ররোচনার দায়ে স্বামী, শাশুড়ি ও ননদকে ১০ বছর করে কারাদণ্ড
নাটোরে গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার দায়ে স্বামী, শাশুড়ি ও ননদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (দায়রা জজ) মুহাম্মদ আবদুর রহিম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন নিহত গৃহবধূ খাদিজা কবরীর স্বামী সানিউল ইসলাম, শাশুড়ি সাবিনা ইয়াসমিন ও ননদ রিভা খাতুন। তাঁরা নাটোরের সিংড়া উপজেলার গুটিয়া গ্রামের বাসিন্দা।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম বলেন, জরিমানার টাকা আদায় করে গৃহবধূ খাদিজার পরিবারকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে আদালত নির্দেশ দিয়েছেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি সিংড়ার কান্দিগুটিয়া গ্রামের লোকমান হোসেনের মেয়ে খাদিজা কবরীর সঙ্গে গুটিয়া গ্রামের রেজাউল করিমের ছেলে সানিউল ইসলামের বিয়ে হয়। বিয়ের দুই মাস পর থেকে যৌতুকের দাবিতে খাদিজাকে নির্যাতন শুরু করেন স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা। একই বছর ২ অক্টোবর সকালে স্বামীর বাড়ি থেকে খাদিজার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় খাদিজার বাবা লোকমান হোসেন বাদী হয়ে স্বামীসহ আটজনের নামে সিংড়া থানায় হত্যা মামলা করেন। গৃহবধূর লাশ ময়নাতদন্তে আত্মহত্যার বিষয়ে প্রতিবেদন আসে। পরের বছর ৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মঞ্জরুল আলম স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আদালতে অভিযোগপত্র জমা দেন। বাদীপক্ষ থেকে অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি দিলে আদালত নিহত গৃহবধূর ননদ রিভা খাতুনকেও আসামি তালিকাভুক্ত করে বিচার শুরু করেন। দীর্ঘদিন সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
আসামিপক্ষের আইনজীবী আতিকুল্লাহ বিশ্বাস বলেন, রায়ে তাঁর মক্কেলেরা সন্তুষ্ট হতে পারেননি। তাঁরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
তবে রায়ে সন্তুষ্ট হয়ে রাষ্ট্রপক্ষের বিশেষ সরকারি কৌঁসুলি আনিছুর রহমান বলেন, বিয়ের মাত্র আট মাসের মাথায় তরুণ গৃহিণীকে আসামিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে আসামিদের এই সাজা দিয়েছেন।