মোটরসাইকেল নিয়ে বিরোধ, গুলিতে পড়ে গেছে এক তরুণের ১০টি দাঁত
চট্টগ্রাম নগরে মো. আজম (২৩) নামের এক তরুণ গুলিতে আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে নগরের চান্দগাঁও থানার বারইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
গুলিবিদ্ধ আজম একই এলাকার মৃত সেকান্দরের ছেলে। জানা গেছে, তাঁর নির্দিষ্ট কোনো পেশা নেই। তাঁকে প্রবাসে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল পরিবার। সাত ভাইবোনের মধ্যে তিনি ষষ্ঠ।
পুলিশ জানায়, বাসার দরজায় বসা ছিলেন আজম। ওই সময় দুই যুবক প্রথমে একটি গুলি করলে সেটি গায়ে লাগেনি। এরপর আরেকটি গুলি করে মুখের মধ্যে। গুলিতে আজমের ১০টি দাঁত পড়ে যায়। পরে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলের বিরোধ নিয়ে গুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।