সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

বাসের চাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সিরাজগঞ্জ-নাটোর মহাসড়কে সিআরবিসি এলাকায়ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার সিরাজগঞ্জ-নাটোর মহাসড়কে র‍্যাব-১২ সদর দপ্তরের পাশে সিআরবিসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তিনজন যাত্রী নিয়ে এক চালক সিরাজগঞ্জ-নাটোর মহাসড়ক দিয়ে হাটিকুমরুল গোলচত্বরের দিকে যাচ্ছিলেন। ঠিক এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা নাটোরগামী একতা পরিবহনের একটি দ্রুতগামী বাস অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ভেতরে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় চালকসহ দুজনকে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের সবাই পুরুষ। তবে এখনো কারও নাম-পরিচয় জানা যায়নি।