জামালপুরে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

জামালপুর সদর উপজেলায় বিয়ের আশ্বাস দিয়ে এক নারীকে (২৮) ধর্ষণের অভিযোগে মুজিবুল হাসান ওরফে শামীম হাজারী (৩৭) নামের যুবলীগের এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলাটি করেন।

অভিযুক্ত মুজিবুল হাসান হাজড়াবাড়ী পৌর যুবলীগের সহসভাপতি। তিনি মেলান্দহ উপজেলার কড়ইচড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও ওই নারীর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে মুজিবুল হাসানের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত এপ্রিল মাসে বিয়ের আশ্বাস দিয়ে জামালপুর শহরের দেওয়ানপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় নিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়। পরে বিয়ের জন্য ওই যুবলীগ নেতাকে চাপ দেন ওই নারী। কিন্তু ওই নেতা একপর্যায়ে তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। বাধ্য হয়ে ওই নারী গতকাল সোমবার সকালের দিকে ওই নেতার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। বেলা আড়াইটার দিকে ওই নেতার স্বজনেরা ওই নারীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। আজ বিকেলে ওই নারী জামালপুর সদর থানায় এসে অভিযুক্ত মুজিবুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ভুক্তভোগী নারী সাংবাদিকদের বলেন, ‘আমার আগেও একটি বিয়ে হয়েছিল। মুজিবুল হাসান ওই স্বামীকে তালাক দেওয়ান। এর পর থেকে জামালপুর শহরে ভাড়া বাসায় তিনি (মুজিবুল হাসান) আমাকে নিয়ে থেকেছেন। ঢাকায় নিয়ে ইমামের মাধ্যমে বিয়েও হয়েছিল। কাবিন করার জন্য তাঁকে চাপ প্রয়োগ করি। তখন আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। আমি সোমবার সকালে স্ত্রীর স্বীকৃতি পেতে তাঁর বাড়িতে যাই। সেখানে তাঁর স্বজনেরা আমাকে টেনেহিঁচড়ে মারধরের পর বের করে দেন। তিনি আমাকে স্ত্রীর মর্যাদা না দিলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথ থাকবে না।’

ঘটনার পর থেকে অভিযুক্ত মুজিবুল হাসান পলাতক। এ ব্যাপারে মন্তব্য জানতে অভিযুক্ত মুজিবুলের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ধরেননি।

জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত, ওসি) নূর মোহাম্মদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীকে এপ্রিল মাসে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। ওই নারী নিজেই বাদী হয়ে মুজিবুল হাসানকে একমাত্র আসামি করে মামলা করেছেন। ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।