ভবনের ভেতরে অফিসার্স ক্লাব

যশোরের অভয়নগর উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবনের ভেতরে অফিসার্স ক্লাব
সম্প্রতি তোলা ছবি। প্রথম আলো

প্রশাসনিক ভবনটি চারতলা। ভবনের সামনের অংশ ফাঁকা। এই ফাঁকা জায়গায় ভবন ঘেঁষে রয়েছে ব্যাডমিন্টন কোর্ট। আর ব্যাডমিন্টন কোর্ট পেরিয়ে মূল ফটক দিয়ে ভবনের ভেতরে ঢুকলেই অফিসার্স ক্লাব। এটি যশোরের অভয়নগর উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবন।

সংশ্লিষ্ট দপ্তর সূত্র জানায়, অফিসার্স ক্লাব উপজেলা পরিষদের কাঠামোর অন্তর্ভুক্ত নয়। প্রশাসনিক ভবনের নকশায়ও অফিসার্স ক্লাব নেই। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির প্রকল্পের টাকায় উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে ব্যাডমিন্টন কোর্ট এবং ভবনের অভ্যন্তরে অফিসার্স ক্লাব করা হয়েছে। টিআর কর্মসূচির নির্দেশিকা অনুযায়ী গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। অথচ সেই প্রকল্পের টাকা দিয়ে ব্যাডমিন্টন কোর্ট ও অফিসার্স ক্লাব করা হয়েছে।

এসব বিষয়ে জানতে চাইলে সদ্য বিদায়ী অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাহ উদ্দীন বলেন, ‘অফিস শেষে অফিসারদের খেলার এবং বসার মতো কোনো জায়গা ছিল না। এ জন্য উপজেলা পরিষদের সিদ্ধান্ত অনুসারে নতুন প্রশাসনিক ভবনের ভেতরে অফিসার্স ক্লাব এবং ভবনের সামনে ব্যাডমিন্টন কোর্ট করা হয়েছে। সন্ধ্যায় অফিসাররা অফিসার্স ক্লাবে বসে আড্ডা দেন, চা-পানি খান। আর শীতের সময় ব্যাডমিন্টন কোর্টে তাঁরা খেলা করতেন। এখন সিজন শেষ। এ জন্য খেলা বন্ধ। কোর্টের বেষ্টনীর দড়ি খুলে ফেলা হয়েছে।’ তিনি আরও বলেন বলেন, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের বরাদ্দ দিয়ে ব্যাডমিন্টন কোর্টের সংস্কার এবং অফিসার্স ক্লাবের উন্নয়ন করা যাবে।

উপজেলা পরিষদ সূত্র জানায়, ৪ কোটি ৯৫ লাখ ৩৩ হাজার ৪০৪ টাকা ব্যয়ে গত বছর নতুন প্রশাসনিক ভবনের নির্মাণকাজ শেষ হয়। গত ২৯ নভেম্বর ওই ভবনের উদ্বোধন করা হয়। এরপর নতুন প্রশাসনিক ভবনের একটি কক্ষ উপজেলা পরিষদের কর্মকর্তাদের অফিসার্স ক্লাব করা হয়।

উপজেলা পরিষদ সূত্র আরও জানায়, ২০২২-২৩ অর্থবছরে নির্বাচনী এলাকাভিত্তিক বিশেষ গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় অভয়নগর উপজেলা অফিসার্স ক্লাবের উন্নয়ন ও ব্যাডমিন্টন কোর্টের সংস্কার প্রকল্প নেওয়া হয়। প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় এক লাখ টাকা। প্রকল্পের সভাপতি উপজেলার পায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান।

এ বিষয়ে জানতে চাইলে ওই প্রকল্পের সভাপতি মো. হাফিজুর রহমান বলেন, ‘সভাপতি আমি। কিন্তু কাজ করেছে উপজেলা পরিষদ।’

যশোরের অভয়নগর উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবনের সামনে ব্যাডমিন্টন কোর্ট
ছবি: প্রথম আলো

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী এস এম ইয়াফি বলেন, ভবনের নকশায় অফিসার্স ক্লাব নেই। একটি প্রকল্পের টাকায় অফিসার্স ক্লাব ও ব্যাডমিন্টন কোর্ট তৈরি করা হয়েছে।

জানতে চাইলে যশোরের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন,‘অফিসারদের জন্য অফিসার্স ক্লাব ও ব্যাডমিন্টন কোর্ট দরকার। তবে অবশ্যই সেটা প্রশাসনিক ভবনের ভেতরে কিংবা সামনে নয়। এ ব্যাপারে খোঁজ নেব।’