বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি নেতা আসাদুল হাবিবসহ ৭০ জন নিঃশর্ত খালাস

প্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় জেলা বিএনপির সভাপতি ও দলটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ ৭০ আসামি নিঃশর্ত খালাস পেয়েছেন। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আদীব আলী এ আদেশ দেন।

লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কে এম হুমায়ুন রেজা সার্বিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আজ এ–সংক্রান্ত একটি মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। এ সময় আদালতে পিপি তৎকালীন রাজনৈতিক পটভূমিসহ সার্বিক অবস্থার কথা তুলে ধরে মামলাটিকে হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে অভিযুক্ত ব্যক্তিদের মামলা থেকে নিঃশর্ত খালাস প্রার্থনা করেন।

আসাদুল হাবিব

এ বিষয়ে আসাদুল হাবিব বলেন, ‘আজ আদালত থেকে ন্যায়বিচার পেলাম। এতে প্রমাণ হলো, কোনো ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলা দিয়ে গণতান্ত্রিক অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনকে ঠেকিয়ে রাখতে পারে না; বরং গণ–আন্দোলনের মুখে তারাই পতনের শিকার হয়, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।’

উল্লেখ্য, ২০১৫ সালের ৬ জানুয়ারি অবরোধ কর্মসূচির সময় লালমনিরহাট সদরের বড়বাড়ি শিমুলতলা এলাকায় রংপুর–কুড়িগ্রাম–ঢাকা জাতীয় মহাসড়কের ওপর খুঁটি গেড়ে, কুড়াল ও কোদাল ব্যবহার করে পাকা সড়কটি নষ্ট করার চেষ্টার অভিযোগ ওঠে। এ বিষয়ে একই বছরের ৯ জানুয়ারি একটি মামলা দায়ের করেন লালমনিরহাট সদর থানার তৎকালীন এসআই জাফর ইকবাল। ওই মামলায় সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিবসহ ৪৫ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৫০০ থেকে ৫৫০ জনকে অভিযুক্ত করা হয়।