সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়, উৎসবমুখর পরিবেশ

ভোট দেওয়ার পর ব্যালট বাক্সে ফেলছেন এক ভোটার। আজ সকালে উত্তর কাট্টলী জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়েছবি: জুয়েল শীল

সারা দেশের সঙ্গে চট্টগ্রামের ১৬টি আসনেও গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট দিতে এরই মধ্যে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে প্রায় প্রতিটি কেন্দ্রে।

সকাল সাড়ে সাতটায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগর আংশিক) আসনের উত্তর কাট্টলী জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি। উৎসবমুখর পরিবেশে ভোটারেরা ভোট দিচ্ছেন। ভোট দিতে আসা ব্যক্তিদের একজন আবদুর রহমান (৬৫)। কাট্টলী চৌধুরী বাড়ির এই বাসিন্দা প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন ভোট দিতে পারিনি। তাই ভোট দেওয়ার সুযোগ পেয়ে সকাল সকাল কেন্দ্রে চলে এলাম। ভোট দিতে পরে খুবই ভালো লাগছে।’

নগরের বহদ্দারহাটের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন মোহাম্মদ হোসেন। কেন্দ্রটিতে সবার আগে ভোট দেওয়ার সুযোগ পান তিনি। আজ সকালে তোলা
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের ভোটকেন্দ্রের একটি নগরের বহদ্দারহাটের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকাল সাতটায় ভোট গ্রহণ শুরুর আগে কেন্দ্রটিতে  গিয়ে দেখা যায়, ফটকের সামনে ভোটারদের দীর্ঘ সারি। ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তাঁরা। কেন্দ্রের ভেতরে পুলিশ ও আনসার সদস্যরা নিয়োজিত রয়েছেন। অদূরে বহদ্দারহাট মোড়েই সেনাবাহিনীর টহল দল চোখে পড়ে।

সকাল সাড়ে সাতটায় কেন্দ্রে ঢুকতে দেওয়া ভোটারদের। শুরু হয় ভোট গ্রহণ। কেন্দ্রে প্রথম ভোট দেন মোহাম্মদ হোসেন (৭০)। ভোট দিতে পেরে বেশ খুশি তিনি। বলেন, বেলা বাড়লে মানুষের চাপ বাড়ে। তাই ভোরেই কেন্দ্রে চলে এসেছেন।

সকাল সাড়ে সাতটার পর চট্টগ্রাম-১৫ আসনের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, কয়েক শ নারী-পুরুষ কেন্দ্রের সামনে ভিড় করেছেন। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। কেন্দ্রটিতে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা নবী হোসাইন প্রথম আলোকে বলেন, ‘এই কেন্দ্রে ভোটার সংখ্যা ৫ হাজার ৬৪৪। এটি উপজেলার বড় কেন্দ্রগুলোর একটি। নির্ধারিত সময় ভোট শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছেন।’

চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে নারী ভোটারদের লাইন। আজ সকালে তোলা
ছবি: কাইছার হামিদ

সকাল পৌনে আটটায় নগরের প্রবর্তক মোড় এলাকার শিশু একাডেমি কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রবীণ ভোটারদের সঙ্গে ভোট দিতে এসেছেন নবীন ভোটারেরাও। ভোটকেন্দ্রে কথা হয় গৃহিণী নিগার সুলতানার (৫৫) সঙ্গে। তিনি স্বামীকে নিয়ে কেন্দ্রে এসেছেন। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, অনেক দিন তিনি ভোট দিতে পারেননি। এবার এসেছেন। অনেক দিন পর উৎসবমুখর পরিবেশে ভোট আয়োজন দেখে ভালো লাগছে।

চট্টগ্রামে ১৬টি আসনে এবার মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১৫ জন প্রার্থী। চট্টগ্রামে মোট ভোটার রয়েছেন ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৮৭ জন। নারী ভোটারের সংখ্যা ৩১ লাখ ৯৮ হাজার ৫৬০ জন। ভোটারদের মধ্যে হিজড়া আছেন ৭০ জন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৩ লাখ ১৪ হাজার ৩১৭ জন।

চট্টগ্রামে এবার ১ হাজার ৯৬৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। প্রতি ভোটকেন্দ্রে একজন করে প্রিসাইডিং কর্মকর্তা থাকবেন। আর ভোটকক্ষ আছে ১২ হাজার ৬০১টি। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ২ হাজার ২৩টি। অর্থাৎ দুই বছর পর হতে যাওয়া এবারের নির্বাচনে ৫৮টি ভোটকেন্দ্র কমেছে।