ফরিদপুরে পদ্মার ভাঙনে গৃহহারা শতাধিক পরিবার, ঝুঁকিতে বিদ্যালয়, মসজিদ ও ক্লিনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙছে পদ্মা নদীর পাড়। বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বরের ডাঙ্গী গ্রামে
ছবি: আলীমুজ্জামান

পদ্মা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত ২৬ জুন থেকে ইউনিয়নের ইউসুফ মাতুব্বরের ডাঙ্গী গ্রামে এ ভাঙন শুরু হয়। ভাঙনের কবলে পড়ে ১০ দিনে শতাধিক পরিবার গৃহহারা হয়েছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে অন্তত ১০ একর ফসলি জমি।

বর্তমানে ভাঙনের মুখে আছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, একটি পাকা মসজিদ এবং আরও শতাধিক পরিবারের বসতবাড়ি। এদিকে ভাঙন ঠেকাতে গত বুধবার থেকে বালুভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষক লালন শেখ বলেন, তাঁর দুই একর ফসলি জমি পদ্মায় বিলীন হয়ে গেছে। সেই সঙ্গে বিলীন হয়েছে তাঁর বসতভিটাও।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখা যায়, ইউসুফ মাতুব্বরের ডাঙ্গী গ্রামের উত্তরে কালাম শেখের বাড়ি থেকে শুরু করে দক্ষিণে কাইমুদ্দিন মোল্লার বাড়ি পর্যন্ত নদীর পাড়ের দুই কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন চলছে। নদীর পাড় ভাঙতে ভাঙতে প্রায় চার শ মিটার ভেতরে ঢুকে গেছে। এতে নদীগর্ভে বিলীন হয়েছে অনেক ফসলি জমি। বিলীন হওয়া জমিতে আউশ ধান, তিল, ইরি ধান ও ভুট্টার চাষ করা হয়েছিল। ভাঙনের মুখে খেতের শস্য কেটে নিচ্ছেন কেউ কেউ।

স্থানীয় বাসিন্দা আনসার উদ্দিন মোল্লা বলেন, নদীভাঙনে তাঁর এক একর জমি বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে পড়ে গত ঈদে ছেলেমেয়ের মুখে একটু সেমাই তুলে দিতে পারেননি। ঈদের দিনগুলো ভীষণ কষ্টে কেটেছে। তাঁদের কষ্ট দেখার কেউ নেই।
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মাইমুদ্দিন মোল্লা, আলী তালুকদার, মোকা তালুকদার, শাহা শেখ, লাল মোল্লা, কবির খলিফা, আলতাফ মিয়া, জহিরুল শেখ, শহীদ শেখ, আলেপ শেখ রাকিব মোল্লাসহ শতাধিক পরিবারের বসতভিটা গত ১০ দিনে পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে আছে সূর্য শেখ, আমজাদ শেখসহ আরও শতাধিক পরিবারের বসতভিটা। ভাঙনের স্থান থেকে প্রায় ১২০ মিটার দূরে রয়েছে চর টেপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক ও একটি পাকা মসজিদ। এসব প্রতিষ্ঠানের নদীগর্ভে বিলীন হওয়া এখন সময়ের ব্যাপারমাত্র।

ভাঙনরোধে কাজ চলছে সীমিত জায়গায়। কিন্তু ভাঙনের ব্যাপকতা ও বিস্তৃতি অনেক বেশি। একদিকে কাজ করা হলে অন্যদিক ভেঙে যাচ্ছে।
মোফাজ্জেল হোসেন, ইউপি চেয়ারম্যান
ভাঙনের কবলে পড়ায় বসতঘর সরিয়ে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বরের ডাঙ্গী গ্রামে
ছবি: প্রথম আলো

চর টেপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত ঘোষ বলেন, ঈদের আগে ভাঙনের পরিস্থিতি জানিয়ে জেলা প্রশাসক ও ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত চিঠি দেওয়া হয়েছে। ১০ জুলাই উপজেলা মাসিক সমন্বয় সভায় বিষয়টি তোলা হবে। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

ভাঙনরোধে বালুভর্তি জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা। তিনি বলেন, দুটি প্যাকেজে ভাঙনকবলিত এলাকার ১৫৩ মিটার অংশে জিও ব্যাগ ফেলা হচ্ছে। গতকাল পর্যন্ত ২৫০ কেজি বালুভর্তি ৬ হাজার ২০৯টি এবং ১৭৫ কেজি বালুভর্তি ১ হাজার ৩৪৩টি জিও ব্যাগ ফেলা হয়েছে।

নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জেল হোসেন বলেন, ভাঙনে ক্ষতিগ্রস্ত কোনো পরিবারকে এখনো কোনো সাহায্য দেওয়া হয়নি। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করা হয়েছে। ভাঙনরোধে কাজ চলছে সীমিত জায়গায়। কিন্তু ভাঙনের ব্যাপকতা ও বিস্তৃতি অনেক বেশি। একদিকে কাজ করা হলে অন্যদিক ভেঙে যাচ্ছে।