সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকাণ্ডে দগ্ধ চা–দোকানির মৃত্যু
ময়মনসিংহের ভালুকা উপজেলায় আগুনে দগ্ধ হয়ে আবদুল মালেক (৬৫) নামের এক চায়ের দোকানি মারা গেছেন। আজ রোববার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর ছেলে কাজল মিয়া একই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
আবদুল মালেক ভালুকা পৌর সদরের কোর্ট ভবন এলাকায় বাসা ভাড়া নিয়ে ছেলেসহ চায়ের দোকান চালাতেন।
সিলিন্ডার লিকেজ হয়ে পুরো ঘরে গ্যাস ছড়িয়ে পড়েছিল।
পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে নাশতা রান্না করার সময় গ্যাসের চুলা জ্বালান আবদুল মালেক। এ সময় পুরো ঘরে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়লে তিনি দগ্ধ হন। তাঁকে উদ্ধার করতে গিয়ে দগ্ধ হন ছেলে কাজল। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ থেকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে আবদুল মালেক মারা যান।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার আল মামুন বলেন, সিলিন্ডার লিকেজ হয়ে পুরো ঘরে গ্যাস ছড়িয়ে পড়েছিল। এরপর চুলায় আগুন জ্বালাতে গিয়ে আবদুল মালেক দগ্ধ হন। তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর ছেলেও অগ্নিদগ্ধ হন।