রংপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

বাসের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী হেলালের এক স্বজনের আহাজরি
ছবি: প্রথম আলো

রংপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন। আজ বুধবার বিকেলে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীরে অবস্থিত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজন হলেন মোটরসাইকেল আরোহী হেলাল (৩৮)। তাঁর বাড়ি তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি সরকারপাড়া গ্রামে। নিহত অপরজন বাসযাত্রী। প্রাথমিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাগলাপীর বাজার থেকে মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে দুই ভাই হেলাল ও আলামিন নিজ বাড়ি তারাগঞ্জের হাড়িয়ারকুঠি সরকারপাড়া গ্রামে ফিরছিলেন। বিকেল পাঁচটার দিকে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর কার্যালয়ের সামনে পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী শিমু-শাহেদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হেলাল ও এক বাসযাত্রী মারা যান। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আলামিন (৩৫) ও বাসের ১১ যাত্রী। খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ও তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনাস্থলে দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহাবুব মোরশেদ বলেন, দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধার করে তারাগঞ্জ হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।