পানিতে ডুবে শিশুর মৃত্যু, ঈদের দিন পরিবারে নেমে এল বিষাদের ছায়া
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদে খেয়া নৌকা ডুবে সুফিয়া বেগম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। তার মৃত্যুতে ঈদের দিন তার পরিবারে আনন্দের পরিবর্তে নেমে এসেছে বিষাদের ছায়া।
সুফিয়া উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের সতু মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, যাদুকাটা নদের পূর্বপাড়ে লাউড়েরগড় ও পশ্চিমপাড়ে মানিগাঁও গ্রাম। মানিগাঁও গ্রামে সুফিয়া বেগমের নানাবাড়ি। আজ বিকেলে ছোট দুই ভাইকে নিয়ে সুফিয়া নানাবাড়িতে বেড়াতে যাচ্ছিল। এ জন্য যাদুকাটা নদের লাউড়েরগড়-শিমুলবাগান এলাকায় খেয়া পারাপার হচ্ছিল তারা। কিন্তু নৌকায় অতিরিক্ত মানুষ ওঠায় সেটি নদের মাঝখানে গিয়ে একদিকে হেলে ডুবে যায়। এতে অন্যরা সাঁতরে তীরে উঠলেও সুফিয়া নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর নদ থেকে তার লাশ উদ্ধার করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী লাউড়েরগড় গ্রামের বাসিন্দা আবদুল হান্নান বলেন, সুফিয়া তার নানাবাড়িতে বেড়াতে যাচ্ছিল। ঈদের দিন হওয়ায় খেয়া নৌকায় অতিরিক্ত যাত্রী ছিলেন। নৌকাটি একপর্যায়ে ডুবে যায়। স্থানীয় লোকজন গিয়ে অনেককে উদ্ধার করেন। এ ঘটনায় সুফিয়ার মৃত্যু হলেও তার দুই ছোট ভাই প্রাণে রক্ষা পেয়েছে।
এ ব্যাপারে তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপক দাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঈদের দিন হওয়ায় নৌকায় অতিরিক্ত যাত্রী তোলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।