পটুয়াখালীতে মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগ নেতার দুই সমর্থককে কুপিয়ে জখম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র থেকে মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগ নেতা মো. মাহবুবুর রহমানের দুই সমর্থককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের গোডাউন ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এস এম মনিরুল ইসলাম (৪৮) ও উপজেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক অসীম তালুকদার (৫২)। তাঁরা দুজনই সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র থেকে মনোনয়নপ্রত্যাশী মো. মাহবুবুর রহমানের সমর্থক।
এ হামলার জন্য মো. মাহবুবুর রহমান বর্তমান সংসদ সদস্য মো. মহিববুর রহমানকে দায়ী করেছেন। মাহবুবুর রহমানের অভিযোগ, তাঁর মনোনয়নপত্র দাখিল উপলক্ষে পূর্বনির্ধারিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আসার পথে বিভিন্ন স্থানে সংসদ সদস্য মহিববুর রহমানের সন্ত্রাসী কর্মীরা বাধা দিয়েছেন। তা ছাড়া সন্ত্রাসীদের হামলায় তাঁর আরও ১৫ জন নেতা-কর্মী বিভিন্ন স্থানে আহত হয়েছেন।
অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. মহিববুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিয়েছে, আমি আওয়ামী লীগের কাজ করি। আর কেউ দাঁড়াইলো না–দাঁড়াইলো তাতে আমার কিছু যায়–আসে না। এ নিয়ে আমার কোনো বিরোধিতাও নাই। আমার কর্মীদেরও নির্দেশ দেওয়া আছে, কেউ কারও কোথাও বাধা সৃষ্টি করবে না। এ নিয়ে আমরা কোনো দায়দায়িত্বও নেব না। এ ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। এ ঘটনা মাহবুবুর রহমানের অভ্যন্তরীণ ঘটনারই অংশ, যা আমাদের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।’
পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হতে আজ কলাপাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করার কথা রয়েছে মো. মাহবুবুর রহমানের।
আজ কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অসীম তালুকদারের দুই পায়ে একাধিক কোপের জখম দেখা যায়। তাঁর শরীরের বিভিন্ন স্থানেও জখমের চিহ্ন স্পষ্ট। এস এম মনিরুল ইসলামের পিঠ, দুই হাত–পায়ে ধারালো অস্ত্রের আঘাত জখম তৈরি হয়েছে। তাঁর শরীরেও পিটুনির চিহ্ন দেখা যায়।
হাসপাতালে চিকিৎসাধীন আহত অসীম তালুকদারের অভিযোগ, ‘আমি ও আমার সহকর্মী মনিরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহাবুবুর রহমানের মনোনয়নপত্র দাখিল উপলক্ষে পূর্বনির্ধারিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে যাচ্ছিলাম। উপজেলার বালিয়াতলী স্টেশন থেকে মোটরসাইকেলে করে এসে শহরের গোডাউন ঘাট এলাকায় নামলে ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী রামদা ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে আমাদের ওপর হামলা চালায়। আমরা দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করলে পড়ে যাই। এ সময় তাদের হাতে থাকা রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। হামলায় আমরা দুজনই মারাত্মকভাবে আহত হয়েছি। একপর্যায়ে সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেছে।’
এদিকে আহত দুজনকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ও কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ।
এ বিষয়ে মো. মাহবুবুর রহমান বলেন, ‘বিগত পাঁচটি বছর এমপি মহিববুর রহমান শান্তিপূর্ণ কলাপাড়া উপজেলাকে সন্ত্রাসী, চাঁদাবাজি ও সহিংস জনপদে পরিণত করেছেন। নির্বাচনের মুহূর্তে এ ঘটনা তারই প্রতিফলন। এ জন্য এমপি মহিববুর রহমানের সন্ত্রাসী কর্মীরাই দায়ী।’ তিনি আরও বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব—এমন ঘোষণা দেওয়ায় আওয়ামী লীগ–মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মহিববুর রহমান ও তাঁর কর্মীরা মেনে নিতে পারছেন না। যে কারণে নির্বাচনের শুরুতেই তাঁরা সহিংস পথ বেছে নিয়েছে। আমি এ ঘটনার জন্য আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলার দায়িত্বে যাঁরা নিয়োজিত রয়েছেন, তাঁদের হস্তক্ষেপ কামনা করছি।’
ওসি আলী আহম্মেদ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত দুজনকে দেখতেও গেছেন। তবে এতটুকু বলতে পারেন, যাঁরাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন, অবশ্যই তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।