সাভারে পিস্তল-গুলি-মাদকসহ ৩ জন আটক
ঢাকার সাভার উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র, মাদকসহ তিনজনকে আটক করেছে র্যাব-৪–এর একটি দল। গতকাল রোববার রাতে উপজেলার পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন চাঁদপুরের সুমন মিয়া (৩৮), দিনাজপুরের সবুজ ইসলাম (২৬) ও ঢাকার জহুরুল হাসান (২০)। আজ সোমবার দুপুরে র্যাব-৪–এর সিপিসি-২ নবীনগর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।
শাহীনুর কবির জানান, গতকাল রোববার রাতে পশ্চিম রাজাশন এলাকায় মাইলস্টোন স্কুলের গলির মোড়ে অভিযান চালায় র্যাব-৪–এর একটি দল। সেখানে চায়ের দোকানদার সুমন মিয়ার শরীর তল্লাশি করে ১টি অবৈধ বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ২১টি গুলি উদ্ধার করা হয়। পরে সুমনের সহযোগী সবুজ ইসলাম ও জহুরুল হাসানকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন, ১ কেজি গাঁজা ও ১৪৬টি ইয়াবা উদ্ধার করা হয়।
শাহীনুর কবিরের দাবি, চায়ের দোকানের আড়ালে ছদ্মবেশে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার পাশাপাশি সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন ওই তিনজন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বিষয়টি স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।