সাতকানিয়ায় নৌকার প্রার্থী নদভীর স্ত্রীর গণসংযোগের সময় হামলা, আহত ৬

চট্টগ্রামের সাতকানিয়ায় হামলায় আহত ইউপি চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরীছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর পক্ষে স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীর গণসংযোগে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ সময় নদভীর শ্যালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেবের অনুসারীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ নদভীর স্ত্রীর।

গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে সাতকানিয়া চরতী ইউনিয়নের দক্ষিণ চরতীর কাটাখালী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর শ্যালক ও চরতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ রুহুল্লাহ চৌধুরী (৪৫), সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (৩০), মিছদাকুল বেসারত চৌধুরী (৪১), মোহাম্মদ রফিক (৩৭), রবিউল ইসলাম (১৯) ও মোহাম্মদ ফয়সাল (২১)। তাঁদের চিকিৎসার জন্য সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী নৌকা প্রতীকের পক্ষে দক্ষিণ চরতীর কাটাখালী ব্রিজ এলাকায় গণসংযোগ করছিলেন। এ সময় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেবের সমর্থক স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামের লোকজন ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে ডাক দেন। এর জবাবে নৌকা প্রতীকের গণসংযোগে অংশ নেওয়া কয়েকজনও আব্দুল মোতালেবের সমালোচনা করেন। এ সময় মোতালেবের সমর্থকেরা জড়ো হয়ে ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে রিজিয়া রেজার গণসংযোগে হামলা চালান।

হামলায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হচ্ছে। গতকাল রাতে চট্টগ্রামের সাতকানিয়ায়
ছবি: প্রথম আলো

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাত সাড়ে নয়টার দিকে মাথা ও হাতে আঘাতপ্রাপ্ত ছয় ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের প্রার্থী নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে নৌকার পক্ষে গণসংযোগ করছিলাম। এ সময় স্বতন্ত্র প্রার্থী মোতালেবের লোকজন জড়ো হয়ে উসকানিমূলক কথা বলেন। পরে তাঁরা আমাদের ওপর ইটপাটকেল ছুড়ে মারেন ও লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। এতে আমার ভাইসহ অন্তত ৮-১০ জন আহত হয়েছেন।’

অভিযোগের বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেবের মুঠোফোনে কল করা হলে তা ব্যস্ত পাওয়া যায়। তবে তাঁর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আ ম ম মিনহাজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ওই এলাকায় গণসংযোগে গিয়ে তাঁরা এলাকাবাসীর বিপক্ষেই কথা বলছিলেন। তা ছাড়া স্থানীয় চেয়ারম্যান অবৈধভাবে বালু ব্যবসার সঙ্গে জড়িত থাকায় এলাকাবাসী ক্ষুব্ধ ছিলেন। তাই সম্ভবত এলাকার লোকজন তাঁদের ওপর হামলা করেছেন। এই হামলা নির্বাচনী কোনো বিষয় নয়। এটি মূলত ভিলেজ পলিটিকসের কারণেই ঘটেছে।’

সাতকানিয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাঈম উদ্দিন রাত ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ঘটনার খবর পাওয়ার পরপর সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ওসিসহ থানা-পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। থানায় এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

শুরু থেকেই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ভোটের মাঠে উত্তেজনা চলছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার চরতী ইউনিয়নের দক্ষিণ চরতী এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সমর্থক মোহাম্মদ ইলিয়াছ নামের এক ব্যক্তিকে মারধর ও তাঁর দোকান ভাঙচুরের অভিযোগ ওঠে স্বতন্ত্র প্রার্থী মোতালেবের সমর্থকদের বিরুদ্ধে। এর আগে ১ ডিসেম্বর দিবাগত রাতে পশ্চিম ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রিয়াজ উদ্দিনের ইছামতি আলীনগর এলাকায় বাড়ি লক্ষ্য করেও গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। এমন পরিস্থিতিতে বুধবার আবারও সহিংসতার ঘটনা ঘটেছে ওই এলাকায়।