টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
যমুনা সেতু রেল সংযোগপথে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া রেলস্টেশনে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে বেলা ১১টার দিকে শেষ বগিটি রেখে চিলাহাটির দিকে রওনা হয় ট্রেনটি। তবে দুপুর পর্যন্ত রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও রাজশাহী কমিউটার ট্রেন টাঙ্গাইল স্টেশনে এবং মির্জাপুর রেলস্টেশনে লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেন আটকে থাকার খবর পাওয়া গেছে।
মহেড়া রেলস্টেশন সূত্রে জানা গেছে, নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মূল লাইন দিয়ে স্টেশন অতিক্রম করার সময় গার্ড ব্রেকের (ট্রেনের শেষ বগি) চারটি চাকা লাইনচ্যুত হয়। চালক ট্রেনটি থামাতে সক্ষম হন। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনটির যাত্রী ধারণক্ষমতা প্রায় এক হাজার বলে জানা গেছে।
মহেড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার শাহিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনের চাকার সমস্যার কারণে গার্ড ব্রেক লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় যাত্রীদের ক্ষতি না হলেও কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। লাইনের পয়েন্টও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন (দুর্ঘটনাকবলিত ট্রেন বা বগি উদ্ধারে ব্যবহৃত বিশেষ ট্রেন) এসে লাইনচ্যুত বগিটি সরাবে জানিয়ে শাহিন মিয়া বলেন, এতে বেলা একটা পর্যন্ত সময় লাগতে পারে। তবে এর আগেই লাইনচ্যুত বগি রেখে নীলসাগর এক্সপ্রেসকে গন্তব্যে রওনা হওয়ার অনুমতি দেওয়া হয়। আর লুপ লাইন (মূল রেলপথের পাশের বিকল্প রেলপথ) দিয়ে আটকে পড়া ট্রেনগুলো চালানোর ব্যবস্থা করা হচ্ছে।