বান্দরবানে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ মিলল সড়কের পাশে
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে সড়কের পাশ থেকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকেল চারটার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বরইতলী থেকে কদমপ্রু পাড়া যেতে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম মংসাই মারমা (৪৮)। তাঁর বাড়ি উপজেলার কদমপ্রু পাড়ায়।
জেলা শহর থেকে বরইতলী পাড়ার দূরত্ব তিন কিলোমিটার ও কদমপ্রু পাড়ার পাঁচ কিলোমিটার। তবে পাড়া দুটি রোয়াংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে।
স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, ওই সড়কের পাশে মংসাইয়ের লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা। তাঁর বুক রক্তাক্ত ও গুলিবিদ্ধ ছিল।
তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উ নু মং মারমা প্রথম আলোকে বলেন, ‘মংসাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না বলে জানি। পাড়ায় পাড়ায় ঘুরে চিকিৎসা (তান্ত্রিক) দিতেন। কে বা কারা তাঁকে হত্যা করল, তা জানা যায়নি।’
ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান। তিনি বলেন, লাশ উদ্ধার করা হচ্ছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।