চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ এলাকায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। তাঁর নাম আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু (৩৪)। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আবদুল্লাহ আল মনির নগরের হিলভিউ এলাকার বার্মা কলোনিতে শ্বশুরবাড়িতে স্ত্রীকে নিয়ে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। কাচমিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্বশত্রুতার জেরে এ খুনের ঘটতে পারে।
বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) জমির উদ্দিন প্রথম আলোকে জানান, পূর্বশত্রুতার জেরে রাতে আবদুল্লাহ আল মনিরকে চার থেকে পাঁচজন লোক ছুরিকাঘাত করেন। তাঁর শরীরের তিন থেকে চারটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে মনিরের মৃত্যু হয়েছে। এ খুনের ঘটনায় জড়িত থাকা ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে বলে জানান এসআই জমির।