নাটোরে আখ বহনকারী ট্রাক্টরের ধাক্কায় এক নারীসহ নিহত দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নাটোরের দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। দুটি ঘটনাতেই আখ বহনকারী ট্রাক্টরের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে ও গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে এ দুটি দুর্ঘটনা ঘটে।

বাগাতিপাড়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে উপজেলার জামনগর ইউনিয়নের পকেটখালী এলাকায় পুঠিয়া-বাঘা সড়কে আখ বহনকারী একটি ট্রাক্টর যাত্রীবাহী একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানের আরোহী মমতা বেগম (৬০) সড়কে পড়ে যান। তখন ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত মমতা বেগম রাজশাহী জেলার চারঘাট উপজেলার কালুহাটি গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার চাইপাড়া গুচ্ছগ্রামের বাসিন্দা ছিলেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এদিকে গতকাল রাত আটটার দিকে লালপুর উপজেলার নূরুল্লাপুর গ্রামে লালপুর-ঈশ্বরদী সড়কে আখ বহনকারী ট্রাক্টরের সঙ্গে যাত্রীবাহী চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের অজ্ঞাতপরিচয় (২২) যাত্রী ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। এ সময় ভ্যানের অপর চার আরোহী আহত হন। আহত ব্যক্তিরা হচ্ছেন বেদেনা বেগম (৫০) আফরোজা (৩০) দেবাশীষ (৫২) ও তহমিনা বেগম (৪০)। তাঁদের লালপুর ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালপুর থানার ওসি মো. মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত তরুণের পরিচয় জানা যায়নি। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।