সখীপুরে থিনারভর্তি ড্রাম বিস্ফোরণে প্রাণ গেল ওয়ার্কশপ কর্মচারীর
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় থিনারভর্তি একটি ড্রাম বিস্ফোরণে স্থানীয় একটি ওয়ার্কশপের একজন কর্মচারী নিহত হয়েছেন।
আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে পৌরসভার এতিমখানা রোডের এসএম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এসএম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের নিহত শ্রমিকের নাম ইয়াকুব রাজু (৩২)। তিনি উপজেলার বগাপ্রতিমা গ্রামের তাহের আলীর ছেলে।
এ বিস্ফোরণের ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা হলেন আলামিন (১৮) আতিকুল (৪০) ও সবুজ (২৬)। তাঁদের প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ বিকেলে আতিকুল ও আল আমিন থিনারভর্তি ড্রামটি খোলার জন্য এসএম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নিয়ে যান। ওয়ার্কশপের কর্মচারী ইয়াকুব রাজু ড্রামটি খুলতে গেলে বিস্ফোরণ ঘটে।
এতে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। এ সময় ড্রামটি উড়ে গিয়ে ১০০ গজ দূরে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।