উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে একজনকে ছুরিকাঘাতে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে মুফতি জামাল (৫৫) নামের এক রোহিঙ্গা ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে একদল সন্ত্রাসী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালুখালী-১১ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ই-১২ ব্লকে এ হত্যাকাণ্ড ঘটে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মুফতি জামাল উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী-১১ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বি-১১ ব্লকের নজির আহমেদের ছেলে।

মুফতি জামাল পূর্বে আরসার সক্রিয় সদস্য ছিলেন। কিন্তু পরে তিনি আরএসও সদস্য হন।

এপিবিএন অধিনায়ক বলেন, ওই রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা মুফতি জামাল সকালে বাজার করার সময় অজ্ঞাতনামা পাঁচ-ছয়জন সন্ত্রাসী অতর্কিত তাঁর ওপর হামলা চালায়। এ সময় তারা মুফতি জামালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে পুলিশের সহায়তায় উদ্ধার করে বালুখালী-১২–এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন।

এপিবিএন অধিনায়ক আরও বলেন, প্রাথমিকভাবে জানা যায়, মুফতি জামাল পূর্বে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সক্রিয় সদস্য ছিলেন। কিন্তু এখন তিনি রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) সদস্য। তিনি আরও বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। বর্তমানে রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সন্ত্রাসীরা ছুরিকাঘাতে মুফতি জামালকে হত্যা করে পালিয়ে গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার জন্য রোহিঙ্গা আশ্রয়শিবিরের অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।