শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, পিটুনি দিয়ে প্রাইভেট শিক্ষককে পুলিশে সোপর্দ
টাঙ্গাইলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগে এক প্রাইভেট শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। পরে ওই ছাত্রীর মায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার শামসুল আলম ওরফে সজুবের বাড়ি দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজনি গ্রামে। উপজেলার মৈশামূড়া বাজারে তাঁর মুদিদোকান আছে। ওই দোকানেই তিনি স্থানীয় শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান। ভুক্তভোগীর শিশুটির বাড়ি পাশের মির্জাপুর উপজেলায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ওই ছাত্রী শামসুল আলমের প্রাইভেট পড়তে যায়। সন্ধ্যার পরও সে বাড়ি ফেরেনি। তখন তার মা তাকে খুঁজতে যান। তিনি দেখেন, শামসুল আলমের দোকানের শাটার নামানো; তালা দেওয়া নেই। শাটার উঠিয়ে দেখেন, তাঁর মেয়ে ও শামসুল ভেতরে। তাঁর চিৎকার শুনে স্থানীয় মানুষেরা এগিয়ে আসেন। পরে এলাকাবাসী শামসুলকে পিটুনি দেন।
খবর পেয়ে মির্জাপুর থানার পুলিশ শামসুল আলমকে আটক করে থানায় নিয়ে যান। রাতে মির্জাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ছাত্রীর মা। এতে শামসুলকে একমাত্র আসামি করা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।