কসবায় রাস্তার পাশ থেকে হিজড়ার রক্তাক্ত লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর বাজার এলাকার রাস্তার পাশ থেকে সোহেল রানা (২৩) নামের এক হিজড়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত সোহেল রানার বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর থানার সুখদেবপুর গ্রামে। তিনি কসবা উপজেলার গোপীনাথপুরে ভাড়া বাসা নিয়ে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে গোপীনাথপুর বাজারসংলগ্ন রাস্তার পাশে পড়ে থাকা সোহেল রানার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় তাঁর মুখ ও কান দিয়ে রক্ত ঝরছিল।
হিজড়াদের স্থানীয় সরদার অজন্তা হিজড়া বলেন, সোহেল রানা এক বছর ধরে গোপীনাথপুরে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। কয়েক মাস ধরে স্থানীয় এক তরুণ তাঁকে বিরক্ত করতেন। সম্পর্ক গড়তে সোহেলের ভাড়া বাসায় আসা-যাওয়া করতেন ওই তরুণ। এ নিয়ে তরুণের পরিবারে বিচারও দিয়েছিলেন সোহেল। শুক্রবার সন্ধ্যায় ভাড়া বাসায় দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বৃষ্টির মধ্যে দুজনই ঘর থেকে বেরিয়ে যান। পরে রাতে ওই তরুণ তাঁকে ফোন করে জানান, গাড়ির সঙ্গে ধাক্কা লেগে সোহেল মারা গেছেন। পরে অজন্তা ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে চেষ্টা করেও ওই তরুণের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বাড়িতে গিয়ে ঘরের দরজা তালাবদ্ধ পাওয়া গেছে।
কসবা থানা পরিদর্শক (তদন্ত) আবদুল বাছেদ সরকার বলেন, লাশের মাথার এক পাশে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলেই প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে। এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।