সাময়িক বরখাস্ত চিকিৎসকের বিরুদ্ধে রিকশাচালককে ছুরিকাঘাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাত
প্রতীকী ছবি

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাময়িক বরখাস্ত এক চিকিৎসকের বিরুদ্ধে ব্যাটারিচালিত রিকশাচালককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত চিকিৎসকের নাম মুহিবুর রহমান। তিনি জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। তবে আড়াই বছর আগে প্রতারণার অভিযোগে মুহিবুর রহমান সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। তাঁর বিরুদ্ধে মামলা চলমান। আহত রিকশাচালক বিলাল আহমদ (৪৫) জৈন্তাপুরের বাসিন্দা। গতকাল রাতে তিনি জৈন্তাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পুলিশ ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মুহিবুর গতকাল বিকেলে বিলালের রিকশায় চড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকায় যান। রিকশা থেকে নামার সময় ভাড়া নিয়ে বিলালের সঙ্গে মুহিবুরের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মুহিবুর ক্ষিপ্ত হয়ে বিলালকে ছুরিকাঘাত করেন। এ সময় বিলালের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে স্থানীয় লোকজন ওই চিকিৎসকের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে জৈন্তাপুর থানা–পুলিশ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্য চিকিৎসক ও কর্মকর্তারা গিয়ে বিক্ষুব্ধ ব্যক্তিদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেন। পরে রিকশাচালক বিলালকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে চিকিৎসক মুহিবুর রহমান বলেন, ছুরিকাঘাতের কোনো ঘটনা ঘটেনি। তিনি ওই রিকশাচালককে চলে যেতে বলেছিলেন। কারণ, ওই রিকশাচালক তাঁর সঙ্গে খারাপ আচরণ করছিলেন। একপর্যায়ে সেখানে আশপাশের মানুষ জড়ো হয়েছিলেন। তবে তিনি ছুরিকাঘাত করেননি। তাঁর হাতে একটি কাঠি ছিল। কোনো ছুরি ছিল না।

সাময়িক বরখাস্তের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সবকিছুই স্বাভাবিক রয়েছে। তিনি ব্যক্তিগত চেম্বারও করছেন।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্ত প্রথম আলোকে বলেন, অভিযুক্ত ওই চিকিৎসককে প্রায় আড়াই বছর আগে প্রতারণার বিভিন্ন অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একটি মামলাও চলছে। সাময়িকভাবে বরখাস্ত হলেও ওই চিকিৎসক আবাসিক সুবিধা পান। তবে তিনি বেতন-ভাতা ও পদোন্নতি পান না।

ছুরিকাঘাতের বিষয়ে জানতে চাইলে জন্মেজয় দত্ত বলেন, বিভিন্ন কারণে ওই চিকিৎসক মানসিকভাবে ‘ডিস্টার্ব’ ছিলেন। তবে তাঁর বিরুদ্ধে একটি মামলা চলছে। গতকাল নতুন যে অভিযোগ পাওয়া গেছে, সে বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর কোনো তদন্ত করবে না। পুলিশ তদন্ত করে যে প্রতিবেদন দেবে, সেটাই আগের মামলার প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করা হবে।

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সালাহ্উদ্দিন মিয়া বলেন, অভিযুক্ত চিকিৎসক মুহিবুর রহমানের বিরুদ্ধে মাদক সেবনসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। সরকারি বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে মুহিবুরের বিরুদ্ধে মামলা হয়েছিল।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিম দাস বলেন, তিনি বর্তমানে ছুটিতে আছেন। তবে তিনি শুনেছেন, ভাড়া নিয়ে রিকশাচালকের সঙ্গে মুহিবুরের বাগ্‌বিতণ্ডা হয়েছিল। একপর্যায়ে মুহিবুর রহমান কোনো কিছু দিয়ে রিকশাচালককে আক্রমণ করেন। এতে রিকশাচালকের চামড়া ছিলে গেছে। তবে রিকশাচালকের গুরুতর কোনো আঘাত লাগেনি।

মুহিবুরের ব্যক্তিগত চেম্বারের বিষয়ে মিম দাস বলেন, মুহিবুর সাময়িকভাবে বরখাস্ত। তাই তিনি সরকারিভাবে দায়িত্ব পালন করছেন না। তবে ব্যক্তিগত চেম্বার করছেন কি না, সেটা তিনি জানেন না। বরখাস্ত থাকা অবস্থায় ব্যক্তিগত চেম্বারের বিষয়ে আইনি কোনো বাধ্যবাধকতা রয়েছে কি না, সেটিও তাঁর জানা নেই।

সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম দস্তগীর বলেন, রিকশাচালককে ছুরিকাঘাতের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।