ব্রাহ্মণবাড়িয়ায় প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা, ৫ প্রার্থীকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণার অভিযোগে তিন চেয়ারম্যান প্রার্থী ও দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীকে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লোকমান হোসেনকে ৩০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসিমা আক্তারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ সেলিম শেখ জানান, আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে সদর উপজেলা পরিষদের নির্বাচন। আর ২০ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের আগেই এসব প্রার্থী জেলা শহরের বিভিন্ন জায়গায় ব্যানার, ফেস্টুন ও পোস্টার ঝুলিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাই নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রার্থীদের এসব অর্থ জরিমানা করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।