মহাসমাবেশ সামনে রেখে কিশোরগঞ্জে বিএনপির ১০ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ জেলার মানচিত্র

ঢাকায় বিএনপির মহাসমাবেশ সামনে রেখে কিশোরগঞ্জে বিএনপির অন্তত ১০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে কয়েকজনকে পুরোনো মামলায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

আটক নেতা-কর্মীরা হলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তবা তাজবীর, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ ওয়াকিউর, করিমগঞ্জ উপজেলা নোয়াবাদ ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আবদুল্লাহ, নিকলী সদর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন, নিয়ামতপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, মিঠামইন উপজেলা বিএনপির সহসভাপতি ও মিঠামইন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান, মিঠামইন উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মো. বাসেদ শিকদার, উপজেলার ঢাকী ইউনিয়ন যুবদলের সভাপতি রাসেল মিয়া, পাকুন্দিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম।

আরও পড়ুন

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঢাকার মহাসমাবেশ ঘিরে গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার সকালে বেশ কয়েকজন নেতা-কর্মীকে বিনা কারণে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা এর তীব্র নিন্দা জানাই। তবে যতই বাধা আসুক, কিশোরগঞ্জ থেকে মহাসমাবেশে কয়েক হাজার লোক অংশগ্রহণ করবেন। বাসে না যেতে পারলেও মাইক্রোবাস ও ট্রেনে করে নেতা-কর্মীরা নিজ নিজ দায়িত্বে ঢাকাতে যাচ্ছেন।’

আরও পড়ুন

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, গতকাল রাতে ও আজ দিনে কিশোরগঞ্জ সদর থেকে বিএনপি ও ছাত্রদলের তিন নেতা-কর্মীকে পুরোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

নিকলী থানার ওসি মো. সারোয়ার জাহান জানান, বিএনপির একজনকে পুরোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। করিমগঞ্জ করিমগঞ্জ থানার ওসি শামসুল আলম সিদ্দিকী বিএনপির একজনকে পুরোনো মামলায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান জানান, স্বেচ্ছাসেবক দলের দুজনকে পুরোনো মামলা সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়েছে। তাঁদের যাচাই-বাছাই করা হচ্ছে। আর, মিঠামইন থানার ওসি ফোন ধরেননি।

আরও পড়ুন

কিশোরগঞ্জ বিএনপি সূত্র জানায়, কিশোরগঞ্জ থেকে বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী ঢাকার মহাসমাবেশে যোগ দিচ্ছেন। অধিকাংশ নেতা-কর্মী দুই দিন ধরে মাইক্রোবাস, বাস ও ট্রেনে করে ঢাকা যাচ্ছেন। ইতিমধ্যে ঢাকায় পৌঁছে গেছেন অনেকে। তবে সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের ধরপাকড় করছে পুলিশ। এ ছাড়া মহাসমাবেশ ঘিরে অঘোষিতভাবে আগে থেকেই অনেক বাস বন্ধ করে দেওয়া হয়েছে। তাই সমাবেশে যাওয়ার সময় সড়কপথে পুলিশের ঝামেলা এড়াতে গোপনে অনেক নেতা-কর্মী ঢাকার দিকে যাচ্ছেন।

আরও পড়ুন